অবশেষে আগামী ঈদুল ফিতরে মুক্তি পেতে যাচ্ছে বহুল প্রত্যাশিত সিনেমা শান। ৭ জানুয়ারি মুক্তির কথা থাকলেও করোনা পরিস্থিতির অবনতির কারণে সিনেমার মুক্তি পিছিয়ে যায়। তবে মুক্তির আগেই শুরু হয়েছে হল বুকিং।
সোমবার শান প্রযোজনা সংস্থা ফিল্মম্যান এন্টারটেইনমেন্ট জানিয়েছেন, মুক্তির দেড় মাস আগে থেকেই ছবিটির হল বুকিং শুরু হয়েছে। ঢাকার শ্যামলী, রংপুরের শাপলা, আশুলিয়ার চন্দ্রিমা, মানিকগঞ্জের নবীন, খুলনার শঙ্খ ও ময়মনসিংহের ছায়াবানী হল চূড়ান্ত হওয়ার মাধ্যমে শান' এর হল বুকিং শুরুর খবর জানিয়েছে প্রযোজনা সংস্থা।
এম রাহিম পরিচালিত অ্যাকশন থ্রিলার গল্পের এ ছবিটি নির্মিত হয়েছে সত্য ঘটনা অবলম্বনে। সিনেমাটিতে শান চরিত্রে অভিনয় করেছেন সিয়াম আহমেদ ও পূজা চেরি।
সিনেমাটি নিয়ে সিয়াম বলেন, “শান সিনেমাটি বড় প্রজেক্ট। অনেক অনেক এফোর্ট দিয়ে পুরো টিম সিনেমাটি নির্মাণ করেছেন। দর্শকদেরও ছবিটি নিয়ে বেশ আগ্রহ। আশা করি ঈদে ছবিটির মুক্তি দর্শকদের উৎসবের আমেজ আরও বড়িয়ে দেবে।”
ছবিটির গল্প আজাদ খানের। চিত্রনাট্য ও সংলাপ লিখেছেন যৌথভাবে আজাদ খান ও নাজিম উদ দৌলা। ফিল্মম্যান প্রডাকশনের ব্যানারে সিনেমাটি প্রযোজনা করেছেন ওয়াহিদুর রহমান এবং এম আতিকুর রহমান।
ছবিটিতে পূজা চেরি ছাড়াও অভিনয় করেছেন মিশা সওদাগর, ডন, নাদের চৌধুরী, তাসকিন রহমান, সৈয়দ হাসান ইমাম, চম্পা, অরুনা বিশ্বাসসহ অনেকেই।