মুক্তির ৭ দিন পরও হাউসফুল! ৩০০ কোটির ক্লাব ছাড়িয়ে ‘পোন্নিয়িন সেলভান ১’

দ্য রিপোর্ট ডেস্ক

অক্টোবর ৭, ২০২২, ১০:৩৫ পিএম

মুক্তির ৭ দিন পরও হাউসফুল! ৩০০ কোটির ক্লাব ছাড়িয়ে ‘পোন্নিয়িন সেলভান ১’

ভারতীয় পরিচালক মনি রত্নমের সিনেমা মানেই বিগ বাজেট আর সামথিং স্পেশাল। আবারও তা প্রমাণিত হলো। গত ৩০ সেপ্টেম্বর মুক্তি পাওয়া মনি রত্নমের চলচ্চিত্র ‘পোন্নিয়িন সেলভান ১’ বিশ্ব জুড়ে দাপিয়ে বেড়াচ্ছে। মুক্তির সাত দিন পরও হাউজফুল মণি রত্নমের এই ছবিটি।

 

সিনেমাটির টিজার দেখতে এখানে ক্লিক করুন

এরই মধ্যে আয়ের ঝুলিতে এসেছে ৩১৮ কোটি টাকা! যার মধ্যে শুধু তামিলনাড়ু থেকেই আয় হয়েছে ১৩০ কোটি। ঐশ্বর্যা রাই বচ্চন এবং বিক্রম অভিনীত ঐতিহাসিক ছবি যে দর্শকের মন কেড়েছে, তা নিশ্চিত ভাবে বলছে বক্স অফিস পরিসংখ্যান।

গত ৩০ সেপ্টেম্বর তামিল, হিন্দি, তেলুগু, মালয়ালম এবং কন্নড়— এই পাঁচটি ভাষায় মুক্তি পায় ‘পোন্নিয়িন সেলভান ১’। আনন্দবাজার,টাইমস অব ইন্ডিয়া. হিন্দুস্তান টাইমসসহ একাধিক গণমাধ্যমের প্রতিবেদনে উঠে এসেছে তামিলনাড়ুর প্রথম ছবি ‘পোন্নিয়িন সেলভানভ ১’ যা সবচেয়ে কম সময়ে ১০০ কোটি টাকা তুলে আনতে পেরেছে। বাকি রেকর্ডও অচিরেই ভেঙে ফেলবে এই ছবি— এমনই আশা করছেন প্রযোজকরা।

'পোন্নিয়িন সেলভান ১'-এর প্রযোজনা সংস্থা লাইকা প্রোডাকশনের পক্ষ থেকে সিনেমাটি অত্যন্ত কম সময়ে ১০০ কোটি রুপী পার করার কথা ট্যুইট করে জানানো হয়েছে। একের পর এক রেকর্ড ভাঙছে!' আরও একটি ট্যুইটে লেখা হয়েছে বিশ্বব্যাপী ৩০০ কোটির ক্লাবে ঢুকে পড়ার কথা জানিয়ে লেখা হয়েছে, 'সাফল্য বাউন্ডারি টপকালো।' ছবির সাফল্যের জন্য প্রযোজনা সংস্থার তরফে দর্শকদের ধন্যবাদ জানানো হয়েছে। 

‘পোনিয়িন সেলভান’ একটি তামিল ঐতিহাসিক উপন্যাসের চলচ্চিত্র রূপ। এর আগে বেশ কয়েকবার এই উপন্যাস নিয়ে সিনেমা নির্মানের চেষ্টা হয়ে থাকলেও সেগুলো শেষ পর্যন্ত আলোর মুখ দেখেনি। অবশেষে মনি রত্নমের হাত ধরেই চলচ্চিত্ররূপ পেল উপন্যাসটি।

কল্কি কৃষ্ণমূর্তির ইতিহাসভিত্তিক তামিল উপন্যাসের উপর ভিত্তি করে নির্মিত হয়েছে এই সিনেমাটি। দক্ষিণ ভারতের চোল রাজাদের ইতিহাস উপন্যাসের মূল বিষয়বস্তু তাই সিনেমাটি তৈরি হয় ঐতিহাসিক প্রেক্ষাপটে। চোল সাম্রাজ্যের ওঠাপড়া এবং সিংহাসন দখলের লড়াই সেলুলয়েডে পুনরুজ্জীবিত করে তুলেছেন মণি রত্নম। আর চলচ্চিত্রটি বাস্তবায়িত করতে বাজেট অনেকটাই বেশি হয়ে গিয়েছে। তবে পরিশ্রম সার্থক বলে মনে করছেন নির্মাতারা। সিনেমায় দ্বৈত চরিত্রে অভিনয় করছেন ঐশ্বরিয়া রাই বচ্চন। এতে তাকে নন্দিনী ও মন্দাকিনী দেবীর চরিত্রে পর্দায় দেখা যায়।

প্রথম তামিল সিনেমা হিসেবে ‘পোন্নিয়ান সেলভান’ আইম্যাক্স ফরম্যাটে মুক্তি পায়। সিনেমাটির প্রোডাকশন ডিজাইন করেছেন থোটা থারানি। আর রবি বর্মনের সিনেমাটোগ্রাফিতে এর সম্পাদনার দায়িত্বে ছিলেন এ. শ্রীকর প্রসাদ। চোল সাম্রাজ্যের যাত্রার বর্ণনা নিয়ে নির্মিত ‘পোন্নিয়ান সেলভান’ ভারতীয় সিনেমার ইতিহাসে সবচেয়ে বড় ঐতিহাসিক কল্পকাহিনী সিনেমাগুলোর মধ্যে একটি হিসাবে বিবেচিত হচ্ছে।  চলিচ্চিত্রটিতে সঙ্গীত পরিচালনা করেছেন ভারতের প্রখ্যাত সঙ্গীত পরিচালক এ আর রহমান।

Link copied!