আগস্ট ৯, ২০২২, ০৯:৫৭ এএম
জাতীয় চলচ্চিত্র পুরস্কার বিজয়ী নির্মাতা মোস্তাফিজুর রহমান মানিকের নতুন সিনেমা 'আশীর্বাদ'। সরকারি অনুদানের এই সিনেমাটি মুক্তির তারিখ নির্ধারণ করা হয়েছে। সিনেমাটি মুক্তি পাবে আগামী ১৯ আগস্ট। সিনেমাটিতে অভিনয় করেছেন জিয়াউল রোশান ও মাহিয়া মাহি। তবে মুক্তির মাত্র ৯ দিন বাকি থাকলেও সিনেমাটি নিয়ে কোনো প্রচারণা চোখে পড়েনি।
সোশ্যাল মিডিয়ায় সিনেমাটির একটি পোস্টার প্রকাশ করা হয়েছে। কিন্তু সেই পোস্টারও কেন্দ্রীয় চরিত্রে অভিনয়ে থাকা দুই শিল্পীকে শেয়ার করতে দেখা যায়নি।
এ বিষয়ে পরিচালক মোস্তাফিজুর রহমান মানিকের সঙ্গে যোগাযোগ করা হলে তিনি বলেন, সিনেমা মুক্তি দেওয়ার জন্য প্রস্তুত। আশা করছি দুয়েকদিনের মধ্যে তাদের সঙ্গে আলোচনা করে চূড়ান্ত কিছু জানাতে পারব।
অভিনেতা জিয়াউল রোশান বলেন, তারা কেউ আমার সঙ্গে যোগাযোগ করেনি। সিনেমা মুক্তির আগে শিল্পীদের সঙ্গে আলোচনা করা হয়, তারা সেটা করেননি। পরিচালক কিংবা প্রযোজক কেউ যোগাযোগ করেননি।
সিনেমাটির নায়িকা মাহিয়া মাহি বলেন, এখানে মিস কমিউনিকেশন সৃষ্টি হয়েছে। আমি আসলে সঠিক তথ্য জানতে বা আমাকে জানাতে ভুল হয়েছে। ফলে প্রচার নিয়ে ভুল বোঝাবুঝি হচ্ছে।
প্রসঙ্গত, ২০১৯–২০ অর্থবছরে সরকারি অনুদানে পূর্ণদৈর্ঘ্য ১৬টি চলচ্চিত্রকে অনুদান দেয়া হয়েছে। এগুলোর মধ্যে 'আশীর্বাদ' একটি। এ ছবিটির প্রযোজক হিসেবে আছেন জেনিফার ফেরদৌস। প্রযোজনার পাশাপাশি কাহিনি ও চিত্রনাট্য রচনা করেছেন। সংলাপ লিখেছেন আব্দুল্লাহ জহির বাবু।