মুক্তি পেল ‘কেজিএফ চ্যাপ্টার টু’ সিনেমার ট্রেলার

দ্য রিপোর্ট ডেস্ক

মার্চ ২৮, ২০২২, ০৪:৩২ পিএম

মুক্তি পেল ‘কেজিএফ চ্যাপ্টার টু’ সিনেমার ট্রেলার

চার বছরের অপেক্ষার প্রহর শেষ।মুক্তি পেল প্রশান্ত নীল পরিচালিত 'কেজিএফ চ্যাপ্টার টু' এর ট্রেলার । মোট পাঁচটি ভাষায় ট্রেলারটি মুক্তি পেয়েছে।

গতকাল রবিবার তামিল ও কন্নড়সহ মোট পাঁচটি ভাষায় ট্রেলারটি মুক্তি পেয়েছে। ছবির অফিসিয়াল ট্রেলার উদ্বোধন করেন চিত্র পরিচালক করণ জোহর। ট্রেলার মুক্তি পাওয়ার আধ ঘণ্টার মধ্যেই তা এক লাখ মানুষ দেখেও নিয়েছেন। এটি একটি রেকর্ডও বলা যেতে পারে ।

রবিবার ট্রেলার মুক্তি পাওয়া উপলক্ষে অনুষ্ঠানে উপস্থিত ছিল গোটা টিম। করণ জোহর নিজেই অনুষ্ঠানটি সঞ্চালনা করেন। অনুষ্ঠানে উপস্থিত ছিলেন নায়ক দক্ষিনী চলচ্চিত্রের সুপার স্টার যশ। সঙ্গে ছিলেন বলিউড তারকা সঞ্জয় দত্ত ও রাবিনা ট্যান্ডন। প্রশান্ত নীল পরিচালিত এই সিনেমাটি আগামী ১৪ এপ্রিল মুক্তি পাবে বলে জানা গেছে। এই ছবি দিয়েই বলিউড তারকা সঞ্জয় দত্তের কন্নড় ভাষার ছবিতে অভিষেক হলো।

ট্রেলারটি প্রচুর অ্যাকশন দৃশ্যে ভরপুর। কেজিএফ এ গরুরাকে মারার পর কী হল, সেই কাহিনী বলবে কেজিএফ চ্যাপ্টার টু । ট্রেলারের শুরুতেই এর উল্লেখ রয়েছে। কেজিএফ-এর সেই পুরানো ভঙ্গিতে দেখা যাবে রকি ওরফে যশকে।কেজিএফ-র দ্বিতীয় পর্বে মুখোমুখি হবে রকি ও অধীরা। ট্রেলারে সেই ঝলকও রয়েছে।অধীরার চরিত্রে অভিনয় করেছেন সঞ্জয় দত্ত। ট্রেলারে দর্শকদের বেশ নজর কেড়েছেন রাবীনা ট্যান্ডনও। বলিউডের এই তারকাকে ভারতের কাল্পনিক প্রধানমন্ত্রী রমিকা সেনের চরিত্রে দেখা যাবে। লড়াই আর হিংসাকে যেন অন্য মাত্রায় পৌঁছে দেওয়া হয়েছে।

সোশ্যাল মিডিয়ায় এ ছবির ট্রেলার পোস্ট করে দক্ষিণী তারকা যশ। তিনি লিখেছেন, বক্স অফিসে সুনামির জন্য তৈরি থাকুন। মাত্র ২ মিনিট ৫৯ সেকেন্ডের ট্রেলার- গোটা ছবিটাই এখনও বাকি রয়েছে।

এর আগে, ২০১৮ সালের ২১ ডিসেম্বর মুক্তি পায় 'কেজিএফ চ্যাপ্টার ১' ছবিটি। কন্নড় ভাষায় ৮০ কোটি টাকায় নির্মিত হয়েছিল এ ছবিটি। সবমিলিয়ে ছবিটি ২৫০ কোটি টাকার ব্যবসা করেছিল। এ চলচ্চিত্রের মাধ্যমেই অসম্ভব জনপ্রিয়তা পেয়েছিলেন দক্ষিণী তারকা যশ।

'কেজিএফ চ্যাপ্টার ১' ছবিটির পর থেকে চলচ্চিত্র অনুরাগীরা দ্বিতীয় পর্বের মুক্তির অপেক্ষায় ছিলেন । তাদের অপেক্ষার অবসান ঘটিয়ে ১৪ এপ্রিল কেজিএফ চ্যাপ্টার টু মুক্তি পাচ্ছে। পাঁচটি ভাষা- হিন্দি, তামিল, তেলুগু, কানাডা, মালায়লম-এ মুক্তি পাবে এই সিনেমা।এতদিন ট্রেলারের অপেক্ষায় ছিল দর্শকরা । ট্রেলার মুক্তি পেতেই এই সিনেমা নিয়ে দর্শকদের উন্মাদনা আরও বাড়ল। আপাতত, সিনেমা মুক্তির অপেক্ষায় দিন গুনছেন অনুরাগীরা। তাছাড়া শ্রীনিধি শেঠির অভিনয়ও দেখতে অপেক্ষার প্রহর গুনছেন অনেকে। 

প্রসঙ্গত, ২০১৪ সালে কেজিএফ ছবির চিত্রনাট্য লেখার কাজ শুরু করেছিলেন পরিচালক প্রশান্ত নীল। তবে সে কাহিনি এতটাই বড় হয়ে যায় যে ছবিটিকে দুই ভাগে তৈরি করার সিদ্ধান্ত নেন তিনি। এর ফলে দর্শকরা পেয়েছেন 'কেজিএফ চ্যাপ্টার ১' ও 'কেজিএফ চ্যাপ্টার ২’ মতো জনপ্রিয় চলচ্চিত্র।  

Link copied!