ফেব্রুয়ারি ১৭, ২০২১, ০৭:১৮ পিএম
ভারতের তামিলনাড়ু রাজ্য সফরের সময় প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদিকে ‘অসম্মান’ করার অভিযোগে অভিনেত্রী ওভিয়া হেলেনের বিরুদ্ধে মামলা দায়ের করেছে ভারতীয় জনতা পার্টি (বিজেপি)।
দলের তামিলনাড়ু শাখার সভাপতি ডি অ্যালেক্সিস সুধাকর মামলাটি করেন। মামলার অভিযোগে বলা হয়েছে প্রধানমন্ত্রী মোদিকে নিয়ে এই টুইটটি জনসাধারণের মাঝে বিশৃঙ্খলা উস্কে দেয়ার উদ্দেশ্যে করা হয়েছিল।
প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি বেশ কয়েকটি উন্নয়নমূলক প্রকল্প চালু করতে তামিলনাড়ুর রাজধানী চেন্নাই গিয়েছিলেন।তবে তার যাওয়ার আগেই 'গো ব্যাক মোদী' স্লোগান দিয়ে বিতর্কে জড়ান তামিল অভিনেত্রী ওভিয়া।
তামিলনাড়ু সফরের আগে 'গো ব্যাক মোদী' স্লোগান কেন দিলেন ওভিয়া, তা নিয়ে জোরদার আলোচনা শুরু হয়ে যায়। এরপরই ওভিয়ার বিরুদ্ধে বিজেপির পক্ষ থেকে মামলা দায়ের করা হয়। প্রধানমন্ত্রীর সফরের আগে 'গো ব্যাক মোদী' স্লোগান দিয়ে মানুষকে কেন উসকে দেওয়ার চেষ্টা করলেন অভিনেত্রী, তা নিয়ে প্রশ্ন তোলেন তামিলনাড়ুর স্থানীয় বিজেপি নেতৃত্ব।
তামিল, মালায়লম, কন্নড়সহ দক্ষিণের বেশ কয়েকটি ভাষার ছবিতে অভিনয় করেছেন ওভিয়া। বিগ বস তামিলেও অংশ নিতে দেখা যায় এই অভিনেত্রীকে। বিগ বসে হাজির হয়ে ২০১৭ সালে সবচেয়ে সম্ভাবনাময় প্রতিযোগী হিসেবে তার নাম উঠে আসে।