জুলাই ১৬, ২০২২, ১১:৩৭ এএম
যুক্তরাষ্ট্রের নিউইয়র্কের জ্যামাইকা মাল্টিপ্লেক্সে ঢাকাই চলচ্চিত্রের জনপ্রিয় অভিনেতা শাকিব খান অভিনীত ‘গলুই’ সিনেমার প্রিমিয়ার অনুষ্ঠিত হয়েছে। বাংলাদেশ সময় শনিবার (১৬ জুলাই) ভোরে ওই প্রিমিয়ার অনুষ্ঠানে শাকিব খান ছাড়াও উপস্থিত ছিলেন অভিনেতা আহমেদ শরীফ, চিত্রনায়ক ইমন, শামীম শাহেদসহ অনেকে।

বায়োস্কোপ ফিল্মসের পরিবেশনায় এস এ হক অলিক পরিচালিত এই ছবির প্রিমিয়ারের মধ্য দিয়ে প্রথমবারের মতো মার্কিন যুক্তরাষ্ট্রে মুক্তি পেল শাকিব খানের সিনেমা। সিনেমায় তার বিপরীতে প্রথমবার অভিনয় করেছেন পূজা চেরী।
চলচ্চিত্র সূত্রে জানা গেছে, বিভিন্ন অঙ্গরাজ্যে প্রায় একমাস ধরে চলবে সিনেমাটির প্রদর্শনী।

ঢালিউড পাড়ার একটি সূত্র জানায়, যুক্তরাষ্ট্রে ২১ জুলাই পর্যন্ত চারটি করে মোট ২৮টি শো চলবে গলুই সিনেমার। এছাড়া মাসব্যাপী যুক্তরাষ্ট্রের বিভিন্ন অঙ্গরাজ্যে সিনেমাটি প্রদর্শিত হবে।

উল্লেখ্য, গত ঈদুল ফিতরে বাংলাদেশে গলুই সিনেমাটি মুক্তি পেয়েছিলো। সরকারী অনুদানে নির্মিত সিনেমাটি প্রযোজনা করেছেন খোরশেদ আলম খসরু।

২ঘন্টা ৪০ মিনিট ব্যপ্তিকালের এই চলচ্চিত্রে আরও অভিনয় করেছেন করেছেন ফজলুর রহমান বাবু, আলী রাজ, ঝুনা চৌধুরী, শমু চৌধুরীসহ অনেকে। ২০২১ সালের ২০ সেপ্টেম্বর তারিখ থেকে জামালপুরের যমুনাচর ও টাঙ্গাইলের মির্জাপুরের সুন্দর মনোরম পরিবেশে চলচ্চিত্রটির দৃশ্যধারণ করা হয়।পবিত্র ঈদ-উল-ফিতর উপলক্ষে ৩ মে ২০২২ তারিখে ৪০টি প্রেক্ষাগৃহে মুক্তি দেওয়া হয়।

চলচ্চিত্রটি অ্যালবামটির সংগীতায়োজন করেছেন হাবিব ওয়াহিদ, ইমন সাহা ও ইমরান মাহমুদুল। আর গানে কণ্ঠ দিয়েছেন হাবিব ওয়াহিদ, জেরিন, ইমরান মাহমুদুল, দিলশাদ নাহার কনা, মিমি ও এস আই টুটুল।