যে সিনেমায় ছিল অমিতাভ বচ্চনের ‘জলসা’

দ্য রিপোর্ট ডেস্ক

এপ্রিল ১২, ২০২১, ১২:৪৮ পিএম

যে সিনেমায় ছিল অমিতাভ বচ্চনের ‘জলসা’

বলিউডের জনপ্রিয় অভিনেতা অমিতাভ বচ্চন। দীর্ঘ সময় ধরে সিনেমা জগতে রাজত্ব করেছেন তিনি। অন্যান্য তারকাদের মতোই তার বাড়ির আলাদা নাম রয়েছে। তিনি তার পরিবারসহ যে বাড়িতে থাকেন নাম ‘জলসা’। কিছু সিনেমার শ্যুটিংয়ের সেট ছিল অমিতাভ বচ্চনের বাড়ি জলসা। সেখানেই হয়েছিল ‘চুপকে চুপকে’ সিনেমার শ্যুটিং।

গতকাল (রবিবার) ‘চুপকে চুপকে’ মুক্তির ৪৬তম বর্ষপূর্তিতে ছবির অজানা ইতিহাস সকলের সঙ্গে শেয়ার করেছেন বিগ বি। ১৯৭৫ সালের ১১ এপ্রিল মুক্তি পেয়েছিল হৃষিকেশ মুখোপাধ্যায় পরিচালিত ছবি ‘চুপকে চুপকে’। ছবিতে অমিতাভ-জয়া ছাড়াও অভিনয় করেছিলেন শর্মিলা ঠাকুর, ধর্মেন্দ্র, ওম প্রকাশ, আসরানি, কেষ্ট মুখোপাধ্যাসহ অনেক খ্যাতনামা অভিনেতা। ‘চুপকে চুপকে’ ছবিটির সঙ্গে জড়িয়ে রয়েছে অমিতাভ বচ্চনের সাধের বাংলো বাড়ি ‘জলসা’র ইতিহাসও। সেখানেই শুটিং হয়েছিল হৃষিকেশ মুখোপাধ্যায়ের ছবিটির।

‘চুপকে চুপকে’ সিনেমার কিছু ছবি শেয়ার করে অমিতাভ বচ্চন টুইটারে লিখেছেন, ‘হৃষিদার চুপকে চুপকে ছবিটির ৪৬ বছর পার করল। এখানে জয়ার সঙ্গে আমার যে ছবিটি দেখছেন, সেটা আমার বাড়ি জলসাতে। এই যে ঘরটি দেখছেন, এটি প্রযোজক এন সি সিপ্পির। আমরা এটি কিনেছিলাম। তারপর বিক্রি করে দিই। আবার কিনি এবং ঘরটি নিজেদের মতো সাজাই। এটা এখন আমাদের বাড়ি জলসা!’ অমিতাভ জানান, শুধু ‘চুপকে চুপকে’ নয়, অনেকগুলো সিনেমা এই বাড়িতে শুটিং হয়। ‘আনন্দ’, ‘নমক হারাম’, সাত্তে পে সাত্তে’সহ অনেক ছবির শুটিং হয়েছিল এই বাড়িতে।

করোনার জন্য প্রায় সকল দেশের পরিস্থিতি খারাপ। অমিতাভ বচ্চনও করোনায় আক্রান্ত হয়েছিলেন। এছাড়াও কিছুদিন আগে চোখের সার্জারি হয়েছিল এই অভিনেতার। এখন তিনি সুস্থ। কাজ করছেন স্বাস্থ্যবিধি মেনে। বয়স আশির কাছাকাছি হলেও অভিনয়ে বিরতি নেই। এ বছরও তার ঝুলিতে আছে ‘চেহরে’, ‘ঝুন্ড’, ‘ব্রহ্মাস্ত্র’, ‘বাটারফ্লাই’, ‘মেডে’ ও ‘গুডবাই’ সিনেমাগুলো।

Link copied!