অভিনয়শিল্পী হিসেবে পরপর দুইবার সেরা করদাতার খেতাব পেয়েছেন বাংলা চলচ্চিত্রের জনপ্রিয় অভিনেত্রী বিদ্যা সিনহা সাহা মিম। গত ১৭ নভেম্বর প্রকাশ হওয়া জাতীয় রাজস্ব বোর্ডের(এনবিআর) ২০২০-২০২১ অর্থবছরের সেরা করদাতার তালিকায় অভিনয়শিল্পী ক্যাটাগরিতে সাবেক এই লাক্স চ্যানেল আই সুপারস্টারের নাম রয়েছে।

সেরা করদাতার খেতাব পাওয়ায় রাজস্ব বোর্ডের ট্যাক্স কার্ড ও বিশেষ সম্মাননা পেয়েছেন। বুধবার (২৪ নভেম্বর) রাজধানীর অফিসার্স ক্লাবে মিমসহ সেরা করদাতাদের হাতে সম্মাননা তুলে দেওয়া হয়।
এনবিআর চেয়ারম্যান আবু হেনা মো. রহমাতুল মুনিমের সভাপতিত্বে অনুষ্ঠানে অন্যদের মধ্যে প্রধান অতিথি হিসেবে অর্থমন্ত্রী আ হ ম মু্স্তফা কামাল ও বিশেষ অতিথি হিসেবে ফেডারেশন অব বাংলাদেশ চেম্বার অব কমার্স অ্যান্ড ইন্ড্রাস্ট্রি’র (এফবিসিসিআই) সভাপতি মোহাম্মদ জসিমউদ্দিন উপস্থিত ছিলেন।

রাজস্ব বোর্ড চলতি বছর ১৪১ জন ব্যক্তি ও প্রতিষ্ঠানকে সেরা করদাতার সম্মাননা দিয়েছেন। এর মধ্যে বিনোদন জগতের ৬জন তারকা রয়েছেন। মিম ছাড়াও সেরা করদাতার তালিকায় আছেন সুবর্ণা মুস্তাফা ও বাবুল আহমেদ; সংগীতশিল্পী শাখায় আছেন কুমার বিশ্বজিৎ, তাহসান রহমান খান ও এস ডি রুবেল।
ট্যাক্স কার্ডের বদৌলতে মিম বেশ কিছু সুযোগ-সুবিধা পাবেন। সুযোগ-সুবিধায় তার জন্য বরাদ্দ রাখা হবে বিমানবন্দরে সিআইপি লাউঞ্জ, তারকা হোটেলসহ সব আবাসিক হোটেলে বুকিংয়ে অগ্রাধিকার। পাশাপাশি মিম নিজে বা তার স্বামী, নির্ভরশীল সন্তানের চিকিৎসার জন্য সরকারি হাসপাতালে কেবিন সুবিধা প্রাপ্তিতে অগ্রাধিকার পাবেন।

এছাড়া, আকাশ, রেল ও জলপথে সরকারি যানবাহনে টিকিট প্রাপ্তিতে অগ্রাধিকার পাওয়ার সুবিধাসহ মিম পাবেন জাতীয় অনুষ্ঠান, সিটি করপোরেশন, পৌরসভাসহ স্থানীয় সরকার কর্তৃক আয়োজিত সংবর্ধনায় আমন্ত্রণ।
প্রসঙ্গত, ২০০৭ সালে একটি সুন্দরী প্রতিযোগিতার মুকুট জয়ের মধ্য দিয়ে ক্যারিয়ার শুরু করেন বিদ্যা সিনহা মিম। হুমায়ূন আহমেদের ‘আমার আছে জল’ সিনেমায় অভিনয়ের মধ্য দিয়ে চলচ্চিত্রে অভিষেকের পর বেশ কয়েকটি সিনেমায় কাজ করেছেন তিনি।
বর্তমানে মিমের হতে রয়েছে 'ইত্তেফাক' ও 'অন্তর্জাল' সিনেমা। এ ছাড়া ২০১৬ সালে শ্রেষ্ঠ অভিনেত্রী হিসেবে জাতীয় চলচ্চিত্র পুরষ্কার পাওয়া মিম অভিনীত মুক্তির অপেক্ষায় রয়েছে 'দামাল' ও 'পরাণ' সিনেমা দুটি।