রাজা চার্লসের সিংহাসন আরোহণ অনুষ্ঠানে থাকছেন একমাত্র ভারতীয় সোনম কাপুর

দ্য রিপোর্ট ডেস্ক

এপ্রিল ৩০, ২০২৩, ০৩:১৪ পিএম

রাজা চার্লসের সিংহাসন আরোহণ অনুষ্ঠানে থাকছেন একমাত্র ভারতীয় সোনম কাপুর

রানির মৃত্যুর আট মাস পর আসছে ৬ মে আনুষ্ঠানিকভাবে ব্রিটেনের রাজমুকুট পরতে যাচ্ছেন রাজা তৃতীয় চার্লস। লন্ডনের ওয়েস্ট মিনস্টার অ্যাবেতে এসময় রাজার পাশে থাকবেন স্ত্রী ক্যামিলা পার্কার।

রাজা চার্লসের অভিষেকে অনেক দেশের রাষ্ট্র ও সরকারপ্রধানরা অংশ নেবেন। বাংলাদেশের প্রধানমন্ত্রী শেখ হাসিনাও উপস্থিত থাকবেন। তবে এ রাজকীয় আয়োজনে মার্কিন প্রেসিডেন্ট জো বাইডেন থাকছেন না। আবার  একমাত্র ভারতীয় হিসেবে বলিউড অভিনেত্রী সোনম কাপুর উপস্থিত থাকবেন রাজা চার্লসের সিংহাসনে আরোহণের অনুষ্ঠানে।

ব্রিটেনের রাজার সিংহাসনে আরোহনের পরের দিন ৭ মে অত্যন্ত জাকজমকভাবে অনুষ্ঠিত হতে যাচ্ছে বিশেষ সাংস্কৃতিক অনুষ্ঠা- কনসার্ট। বিখ্যাত উইন্ডসর ক্যাসেলে ২০ হাজার মানুষের সমাগমে ওই অনুষ্ঠানে, লিওনেল রিচি, কেটি পেরি, টম ক্রুজের মতো আন্তর্জাতিক তারকাদের সাথেও একই মঞ্চে দেখা যাবে অনিল-কন্যাকে।

হিউ বোনভিলের সঞ্চালনায় ওই কনসার্টে আরও উপস্থিত থাকবেন স্যার টম জোনস, লিওনেল রিচি, মিউজিক্যাল গ্রুপ দ্য পুসিক্যাট ডলস। অনুষ্ঠানটি সরাসরি সম্প্রচার করবে বিবিসি টেলিভিশন ও বিবিসি রেডিও।

কনসার্টে আরও দেখা যাবে টেলিভিশন সিরিজ ‘স্ট্রিক্টলি কাম ড্যান্সিং’র প্রাক্তন ড্যান্সার দক্ষিণ আফ্রিকার ওটি মাবুসসহ পপগ্রুপ টেক দ্যাট, মার্কিন পপ সংগীতশিল্পী কেটি পেরি ও লিওনেল রিচি, ইতালীয় সংগীতশিল্পী আন্দ্রেয়া বোসেলি ও ওয়েলসের সংগীতশিল্পী স্যার ব্রাইন টেরফেল।

এছাড়া, ব্রিটিশ সংগীতশিল্পী পালোমা ফেইথ, অলি মুরস, প্রবীণ রক গিটারিস্ট স্টিভ উইনউড, দ্য পুসিক্যাট ডলস’র নিকোল শেরজিঙ্গার এবং চীনা পিয়ানোবাদক ল্যাং ল্যাং, নাইজেরিয়ান শিল্পী তিওয়া স্যাভেজ, ডিজে পেট টং এবং টেলিভিশন ট্যালেন্ট শো বিজয়ী লুসির পারফর্ম করার কথা রয়েছে কনসার্টে। 

এদিকে, একমাত্র ভারতীয় হিসেবে রাজা চার্লসের সিংহাসনে আরোহণের অনুষ্ঠানে আমন্ত্রণ জানানোয়  দারুন উচ্ছ্বসিত বলিউডের এই অভিনেত্রী।

সোনম কাপুর এবিষয়ে গণমাধ্যমকে বলেন, “গান ও শিল্পের প্রতি রাজার ভালবাসার উদযাপন উপলক্ষ্যে, এই অনুষ্ঠানে যোগ দিতে পেরে আমি কৃতজ্ঞ। এটি একটি গুরুত্বপূর্ণ উপলক্ষ্য যা ব্রিটেনের জন্য একটি ইতিবাচক, অন্তর্ভুক্তিমূলক এবং আশাবাদী ভবিষ্যতের প্রতি অঙ্গীকারকে নির্দেশ করে, কয়্যারের সঙ্গীত রাজকীয় উত্তরাধিকারের প্রতি শ্রদ্ধা নিবেদন করে এবং ঐক্য, শান্তি এবং আনন্দ প্রচার করে।”

প্রসঙ্গত, সম্প্রতি মা হয়েছে সোনম কপূর। সোনম ও আনন্দ আহুজা পুত্রের জন্ম দিয়েছেন। ২০২৩ সালে ‘ব্লাইন্ড’-এ কাজ করে সিনেমায় ফিরছেন তিনি। দিন কয়েক আগে ভারতে অ্যাপল স্টোরের উদ্বোধনী অনুষ্ঠানেও হাজির হয়েছিলেন সোনম কাপুর।

Link copied!