বলিউডের জনপ্রিয় অভিনেত্রী শিল্পা শেঠি ও তার স্বামী ব্যবসায়ী রাজ কুন্দ্রার বাড়িতে অভিযান চালিয়ে ৭০টি পর্নো ভিডিও উদ্ধার করেছে দেশটির পুলিশ। বৃহস্পতিবার (২২ জুলাই) মুম্বাই পুলিশের পক্ষ এই অভিযান চালানো হয়। তাকে গ্রেপ্তারের পর থেকে একের পর এক মডেল অভিনেত্রী মুখ খুলেছেন তার বিরুদ্ধে।
ভারতীয় সংবাদমাধ্যম হিন্দুস্তান টাইমসের প্রতিবেদনে বলা হয় পর্ন ভিডিও বানানোর অভিযোগে গত ১৯ জুলাই রাতে রাজ কুন্দ্রাকে গ্রেপ্তার করে পুলিশ। জানা যায়, বহু বছর ধরেই তিনি এই কাজ করে আসছেন। ‘হটশটস’ নামের একটি অ্যাপের মাধ্যমে এসব ভিডিও প্রচার করতেন তিনি।
রাজের অন্যতম সহযোগী ছিলেন উমেশ কামাত। তাকেও গ্রেপ্তার করেছে পুলিশ। বৃহস্পতিবার উদ্ধার করা ভিডিওগুলো উমেশের তত্ত্বাবধানেই তৈরি হয়েছে বলে জানা গেছে।
প্লে স্টোর থেকেই প্রথমে অ্যাপটি পাওয়া যেত। পরে রাজ তার ব্যক্তিগত সহকারী উমেশ কামাতকে বলেন প্লে স্টোর থেকে অ্যাপটি সরিয়ে নিতে। ২০২০ সালের শেষের দিকে গুগল প্লে স্টোর ও অ্যপলের অ্যাপ স্টোর থেকে সরিয়ে দেওয়া হয়েছিল হটশট অ্যাপটিকে।
তখন রাজকে উমেত ‘খারাপ খবর’ বলে বিষয়টি অবহিত করেছিলেন। কিন্তু এতে চিন্তার কিছু নেই বলে জানান রাজ। বিকল্প ব্যবস্থা শিগগিরই চালু করবেন বলেও নিশ্চিত করেন শিল্পার স্বামী।
ইতোমধ্যেই এই দুজনের হোয়াটসঅ্যাপ চ্যাট থেকে এ তথ্য পেয়েছে পুলিশ। পর্নো ভিডিও থেকে রাজের রোজগারের পরিমাণও জানতে পেরেছে মুম্বাই পুলিশ। এই ব্যবসায়ীর বিরুদ্ধে এটাই একটা বড় প্রমাণ হিসেবে ধরছে তদন্তকারীরা।
আজ শুক্রবার পর্যন্ত পুলিশি হেফাজতেই থাকছেন রাজ কুন্দ্রা। দফায় দফায় তাকে জিজ্ঞাসাবাদ চলছে। অপরদিকে রাজের আইনজীবীর দাবি করেন, যেই ভিডিওগুলো পুলিশের কাছ রয়েছে সেগুলো পর্নো কি-না তার প্রমাণ এখনো পর্যন্ত পাওয়া যায়নি। তিনি আরও দাবি করেন, এখনকার ওয়েব সিরিজ গুলিতে কতটা অশ্লীল দৃশ্য দেখানো হয়। কিন্তু সেগুলো তো পর্নো বলে দাবি করা হয় না। রাজের ঘনিষ্ঠ জনেদের মধধ্যে তার স্ত্রী শিল্পা শেঠিও রয়েছেন পুলিশি নজরে। প্রাথমিক ভাবে সন্দেহ করা হচ্ছে রাজের এই ব্যবসায় শিল্পাও তাকে মদদ জোগাতেন।
এদিকে রাজ-শিল্পার বাড়ি থেকে একটি সার্ভারও উদ্ধার করেছে পুলিশ। যা পাঠানো হয়েছে ফরেন্সিক ল্যাবে। খতিয়ে দেখা হবে, এই সার্ভার থেকেই পর্নোগ্রাফি ভিডিও রাজ কুন্দ্রার ইউকের কোম্পানিতে পাঠানো হত কি না।
মুম্বাই পুলিশের পক্ষ থেকে বারবার দাবি করা হচ্ছে, এই চক্রের মূল হোতা রাজ কুন্দ্রাই। তার বিরুদ্ধে ক্রাইম ব্রাঞ্চের হাতে যথেষ্ঠ প্রমাণও রয়েছে।
পুরো বলিউড এ ঘটনায় উত্তাল হয়ে আছে। অনেকের মনেই প্রশ্ন, স্বামীর এইসব কর্মকাণ্ডের কিছুই কি জানতেন না শিল্পা? অন্তত নিজের বাড়িতে থাকা ভিডিওগুলো সম্পর্কে তো তার অবগত থাকার কথা। যদিও এখনো অব্দি শিল্পার কাছ থেকে কোনো বক্তব্য আসেনি। বরং স্বামী গ্রেপ্তার হওয়ার পর থেকে একেবারে আড়ালে রয়েছেন তিনি।
সূত্র: হিন্দুস্তান টাইমস, এএনআই নিউজ।