অক্টোবর ১১, ২০২২, ০৫:২৯ পিএম
আবারও গুঞ্জন! আবারও ঢালিউড অভিনেতা শাকিব খান। শাকিব-বুবলী ও তাদের সন্তান বীরের বিষয়টির রেশ কাটতে না কাটতেই এবার গুঞ্জন শুরু হয়েছে ঢাকাই চলচ্চিত্রের আরেক অভিনেত্রীকে নিয়ে। সামাজিক যোগাযোগমাধ্যম ছাড়াও বিভিন্ন গণমাধ্যমের প্রতিবেদনে উঠে এসেছে হালের আলোচিত নায়িকা পূজা চেরির সঙ্গে শাকিব খানের বিয়ে হয়েছে।

গুঞ্জন উঠেছে নায়িকা পূজা চেরীকে নাকি ‘ধর্মান্তরিত’ করে বিয়ে করেছেন শাকিব খান। শুধু তাই নয়, তাদের বিয়ের তারিখও জানিয়ে দেওয়া হয়েছে। তারা নাকি চলতি বছরের গত ২২ সেপ্টেম্বর বিয়ে করেছেন। বিষয়টি নিয়ে সামাজিক যোগাযোগমাধ্যমেও চলছে জোর আলোচনা-সমালোচনা।

তবে এসব আলোচনার মধ্যেই মঙ্গলবার সামাজিক যোগাযোগ মাধ্যমে বিয়ে নিয়ে মুখ খুলেছেন পূজা চেরি। মঙ্গলবার (১১ অক্টোবর) এ প্রসঙ্গে গণমাধ্যমকে পূজা বলেন, “শাকিব খানকে বিয়ে করেছি তারা আগে প্রমাণ দিক। প্রমাণ ছাড়া কেন এসব কথা বলছে? আমি নিজেও বুঝতে পারছি না কেন এসব কথা আসছে।”

শাকিব খানকে বিয়ে করলে সময় হলেই বিষয়টি জানাবো উল্লেখ করে বর্তমান সময়ের বহুল আলোচিত এই নায়িকা আরও বলেন, “একটি দল আমার পিছনে লেগে আছে। যেহেতু শুটিংয়ে আছি বিষয়টি নিয়ে কথা বলে চরিত্র থেকে বের হতে চাই না। সময় হলে সব বলব।”

তবে অনেকে বলছেন-যা রটে তা কিছু বটে অর্থাৎ বিষয়টি সত্য হওয়ার যথেষ্ট কারণ রয়েছে। তাদের দাবি, অপু বিশ্বাস ও বুবলির সঙ্গে শাকিব খানকে নিয়েও শুরুতে এমন গুজব রটেছিল। ওইসময় নায়িকারাও একইভাবে কৌশলে গুজব দাবি করেছিলেন। যদিও পরবর্তীতে তাদের ওই দাবি আর টেকেনি। ওই দুই নায়িকাই বরং টেলিভিশন চ্যানেলে ও সামাজিক যোগাযোগ মাধ্যমে শাকিব খানের সঙ্গে বিয়ে ও সন্তানের বিষয়টি সামনে আনেন।

এদিকে. মঙ্গলবার পূজা চেরি তার ভেরিফাইড ফেসবুক পেজে শাকিব খানের সঙ্গে বিয়ে নিয়ে যে গুঞ্জন তৈরি হয়েছে সেই বিষয়ে অনেক কিছু লিখেছেন। এতে তিনি লিখেছেন, যদি আগামীতে মিথ্যে গুঞ্জন রটানো হয়, আমি স্পষ্ট করে জানাচ্ছি - দেশের প্রচলিত আইনের মাধ্যমে কঠোর ব্যবস্থা নিয়ে বাধ্য হব, কারণ আমি আইনের প্রতি শ্রদ্ধাশীল।

দ্য রিপোর্ট ডট লাইভের পাঠকদের সামনে তা হুবহু তুলে ধরা হলো। পূজা চেরি লিখেছেন-

‘ছোটবেলা থেকে স্বপ্ন দেখতাম সু-অভিনেত্রী হওয়ার। সেই স্বপ্ন পূরণে আমি একটু একটু এগিয়ে যাচ্ছি। অল্পদিনের ক্যারিয়ারে মানুষ আমাকে যেভাবে ভালোবাসা দিয়েছে, আপন করে নিয়েছে— এতে করে জীবনের শেষদিন পর্যন্ত এই কাজটাই করে যেতে চেয়েছি। চলার পথে ভালোর পাশাপাশি কিছু খারাপ মানুষ আমাকে বাঁধা দেয়ার চেষ্টা করছে। বিভ্রান্তিকর তথ্য ছড়িয়ে আমার চলার পথ থামিয়ে দেওয়ার চেষ্টা করছে। কিন্তু এসবে পাত্তা না দিয়ে আমি সবসময় কাজে মনোযোগী হয়েছি। কিন্তু কদিন ধরে খেয়াল করছি আরেকজনের ব্যক্তিগত জীবনে আমার নাম জড়িয়ে বিভিন্ন মিথ্যে গুঞ্জন সৃষ্টি করা হচ্ছে।'

পূজা চেরি আরও লিখেন, ‘ফেসবুকের ব্যক্তিগত আইডি-পেইজ থেকে পোস্ট কিংবা ইউটিউবসহ বিভিন্ন মাধ্যমে আমাকে টানা হচ্ছে। শুরু থেকে বিষয়টিকে আমি এড়িয়ে গিয়েছি। কারণ, এসবের সঙ্গে আমার কোনো ধরনের সম্পর্ক নেই— যতটুকু আছে শিল্পী হিসেবে শুধুই প্রফেশনাল সম্পর্ক। কিন্তু আমাকে যারা ভালোবাসেন তাদের মনে কোনো নেতিবাচক ধারণার তৈরি হোক, এটা কোনোভাবেই কাম্য নয়। ব্যক্তিগতভাবেও এই বিষয়টি আমি ভীষণ বিরক্ত। আমার মনে হয়েছে, এসব বন্ধ হওয়া দরকার।’

পূজা আরও লিখেছেন, ‘যারা আমাকে নিয়ে মিথ্যে গুঞ্জন ছড়াচ্ছেন তাদের কয়েকজন আবার দায়িত্বশীল পদে থেকেও এই কাজটি করছেন! কোনো রকম সত্যমিথ্যা যাচাই-বাছাই ছাড়াই এবং আমার স্টেটমেন্ট ছাড়া আমার নাম জড়িয়ে যদি আগামীতে মিথ্যে গুঞ্জন রটানো হয়, আমি স্পষ্ট করে জানাচ্ছি -দেশের প্রচলিত আইনের মাধ্যমে কঠোর ব্যবস্থা নিয়ে বাধ্য হব, কারণ আমি আইনের প্রতি শ্রদ্ধাশীল। সবার আশীর্বাদ কামনা করি, সবার মঙ্গল ও শুভবুদ্ধির উদয় হোক।’