শাকিব সিয়ামের দৌড়াত্ম্যে নিষ্প্রভ বাকি চলচ্চিত্র

দ্য রিপোর্ট ডেস্ক

এপ্রিল ২৭, ২০২২, ০৮:২৬ পিএম

শাকিব সিয়ামের দৌড়াত্ম্যে নিষ্প্রভ বাকি চলচ্চিত্র

করোনা কাটিয়ে দুবছর পর স্বাভাবিকে ফিরেছে সবকিছু। সিনেমা হলগুলোও সেজেছে নতুন উদ্যমে। তারই ধারাবাহিকতায় আসন্ন ঈদে দর্শকদের সিনেমা হলগুলোতে বিনোদিত করতে আসছে বিগ বাজেটের কিছু সিনেমা। সিনেমাগুলোর মধ্যে আলোচনায় সুপারস্টার শাকিব খানের 'গলুই', 'বিদ্রোহী' এবং বেশ সাড়া ফেলেছে সিয়াম আহমেদ অভিনীত 'শান'। তাছাড়া মুক্তির অনুমতি পেয়েছে ‘বড্ড ভালোবাসি’ সিনেমাটি। তবে এই সিনেমার প্রচার এখনো নিরব।

শাকিব খানের 'গলুই', 'বিদ্রোহী'

এদেশে সিনেমা ব্যবসাসফলের একমাত্র অঙ্ক সুপারস্টার শাকিব খান। প্রতিবছরই ঈদ উপলক্ষ্যে সিনেমা হলগুলোতে বেশি সিনেমা থাকে শাকিব খানের। এবারও তার ব্যতিক্রম হয়নি। শাকিব অভিনীত যে সিনেমাটি বেশি আলোচিত হচ্ছে তা হলো, নির্মাতা এস আই অলিক পরিচালিত সরকারি অনুদানের সিনেমা 'গলুই'। এতে অভিনয় করেছেন শাকিব খান ও পূজা চেরী। একসঙ্গে অভিনয় করা এটিই তাদের প্রথম সিনেমা। তবে ভক্তমহলে তাদের এই জুটি নিয়ে চলছে নানা আলোচনা সমালোচনা। অনেকেই তাদের এই জুটিকে ভালোভাবে গ্রহণ করছেন না। শুধু তাই নয় এই সিনেমা নিয়ে দর্শকমহলে যতটা আগ্রহ তৈরি হয়েছিলো টিজারে ততটাই হতাশ হয়েছে ভক্ত অনুসারী। ছবির গল্প ও চিত্রনাট্য নিয়েও নানান মন্তব্য জমা পড়েছে। অনেকে মন্তব্য করছেন, গ্রামবাংলার পুরোনো গল্পই নাকি উঠে আসবে 'গলুই'তে। তবে কেউ কেউ আবার বলছেন পুরো সিনেমা না দেখে মন্তব্য করা ঠিক নয়। ট্রেইলারে ভালো কিছুর আশা খুঁজছে দর্শক। তাই সবকিছু ছাপিয়ে আশা করাই যায়, এবারের ঈদে 'গলুই' বেশ এগিয়েই আছে। হলগুলোতেও বেশ সাড়া ফেলবে বলে ধারণা করা যাচ্ছে। অন্যদিকে শাকিব খানের আরেকটি সিনেমা 'বিদ্রোহী'। যেটি নির্মাণ কাজ শেষ হওয়ার চার বছর পর মুক্তি পাবে। সিনেমাটিতে শাকিবের বিপরীতে অভিনয় করেছেন শবনম বুবলি ও অভিষিক্ত সুচিস্মিতা মৃদুলা। সিনেমাটি পরিচালনা করেছেন শাহীন সুমন এবং শাপলা মিডিয়ার ব্যানারে প্রযোজনা করেছেন সেলিম খান। এই সিনেমার টাইটেল সং কয়েক মাস আগে মুক্তি পায়। যেখানে শিল্পী ইমরানের কণ্ঠে ‘ভাবিনি কখনও’ শিরোনামে রোমান্টিক এই গানে শাকিব-বুবলীর উপস্থিতির প্রশংসা কুড়িয়েছে। সিনেমাটি ১০০ প্রেক্ষাগৃহে মুক্তির পরিকল্পনা করেছেন প্রযোজক। সিনেমাটি নিয়ে শাকিব খান সোশ্যাল মিডিয়ায় প্রচার না করায় হয়েছে নানা সমালোচনা। তবে বুবলী তার ফ্যান পেজে লেখেন, সিনেমা পুরোনো হোক কিংবা নতুন; যাই হোক না কেন, দিন শেষে আমাদের অভিনীত এবং আমাদের শ্রম আছে এমন সব সিনেমাই আমাদের হওয়া উচিত, নিজেদের ভাবা উচিত।

সিয়াম-পূজার 'শান'

পুলিশ অ্যাকশন ঘরানার এই সিনেমাটি ঘিরেও বেশ আগ্রহ দেখা গেছে দর্শকের মাঝে। ইতোমধ্যে সিনেমাটির ট্রেলার থেকে শুরু করে গান সবকিছু বেশ ইতিবাচক সাড়া ফেলেছে। সিয়াম-পূজার রসায়ন থেকে শুরু করে পুলিশের থ্রিলার কাহিনি–সবকিছুতেই ঈদের আমেজ খুঁজে পাচ্ছে দর্শক। তা ছাড়া এ সিনেমার গানগুলোও বাড়তি মাত্রা যোগ করছে সিনেমায়। ইতোমধ্যে মুক্তি পাওয়া এই সিনেমার গানগুলোও বেশ দর্শকনন্দিত হয়েছে। যদিও এ বছরের শুরুতে মুক্তি দেওয়ার কথা ছিল 'শান'। তবে করোনা সংক্রমণ বেড়ে যাওয়ায় পিছিয়ে যায় মুক্তির তারিখ। এবার ঈদ উপলক্ষ্যে মুক্তি দেয়া হচ্ছে সিনেমাটি। এই সিনেমাটি নিয়েও দর্শকদের আগ্রহের কমতি নেই।সিনেমাটির প্রচারেও দেখা গেছে ব্যাতিক্রম উদ্যোগ। বিজ্ঞাপন ,পোস্টার/ব্যানারে নজর কেড়েছে সিনেপ্লেক্স এবং গুরুত্বপূর্ণ জায়গাগুলো।

রোজ নিপার ‘বড্ড ভালোবাসি’

মুক্তির তালিকায় রয়েছে সুলতানা রোজ নিপা ও অমিতাভ ভট্টাচার্য অভিনীত ‘বড্ড ভালোবাসি’ সিনেমা। এটি পরিচালনা করেছেন জুয়েল ফারসি। মুক্তির তারিখ নিলেও সিনেমাটি নিয়ে কোনো সাড়া শব্দ নেই সংশ্লিষ্টদের। জানা যায়,‘বড্ড ভালোবাসি’র বেশীরভাগ শিল্পী কলকাতার। এই সিনেমার প্রযোজনা করেন নায়িকা নিজেই। ঈদে মুক্তি দেয়ার জন্য গত তিন বছর এই ছবি নিয়ে অপেক্ষা করতে হয়েছে। দুই-চারটি সিনেমা হলে মুক্তি পেতে পারে সিনেমাটি। ৯০ দশকের ধাঁচে বানানো হয়েছে সিনেমাটি। ৯০ দশকে যেসব দর্শক ছবি দেখতে পছন্দ করতেন তারাই হলে গিয়ে এই ছবি দেখবে বলে দাবি নায়িকা নিপার। বাংলাদেশের ছবি বাণিজ্যিক সফলতা দেখে না দীর্ঘদিন। এবারের ঈদে সর্বমোট প্রায় ১১ কোটি টাকা বাজেটের সিনেমা মুক্তি পাচ্ছে। মুক্তির মিছিলে থাকা সিনেমাগুলোর মধ্যে সর্বোচ্চ বাজেটের সিনেমা 'শান' । সিনেমা হলগুলো থেকে দর্শকদের মুখ ফিরিয়ে নেয়ার অনেক কারণের মধ্যে রয়েছে সিনেমা প্রচারণার অভাব। অগ্রিম টিকিটের জন্য সিনেপ্লেক্স গুলোতে দর্শকদের ভিড় লক্ষ্য করা গেছে। এখন দেখার বিষয় এবারের ঈদে কোন সিনেমা দর্শকের প্রত্যাশা পূরণ করে বক্স অফিস বাজিমাত করবে আর কোনটি মুখ থুবড়ে পড়বে।

Link copied!