শান্ত-রুপসার এক গানে ব্যয় ৫০ লক্ষ টাকা

দ্য রিপোর্ট ডেস্ক

মার্চ ৭, ২০২১, ০৩:৪১ পিএম

শান্ত-রুপসার এক গানে ব্যয় ৫০ লক্ষ টাকা

শাপলা মিডিয়ার ব্যানারে নির্মিত হচ্ছে নতুন সিনেমা ‘গ্যাংস্টার’। সিনেমায় থাকবেন ঢালিউডের বর্তমান প্রজন্মের জনপ্রিয় অভিনেতা শান্ত খান এবং টলিউড অভিনেত্রী রুপসা মুখোপাধ্যায়। চলতি বছরের ঈদকে টার্গেট করে নির্মাণ করা হচ্ছে সিনেমাটি। প্রযোজনা করেছেন সেলিম খান।

ইতোমধ্যেই এফডিসিতে শেষ হয়েছে ছবির একটি গানের শ্যুটিং। গানের নাম ‘তোকে দেখে প্রেম জেগেছে’। কালো এবং রুপালি রঙ্গের মিশ্রনে সেটটি দারুন সেজেছে। সুদীপ কুমার দিপের লেখা গানটি গেয়েছেন প্রতীক হাসান। আধুনিক ক্যামেরা, লেন্স এবং প্রযুক্তির ব্যবহারে ব্যয়বহুল সেটে কাজ চলছে। শুধু এই একটি গানে ব্যয় হয়েছে ৫০ লক্ষ টাকা। জানা গেছে পুরো সিনেমা নির্মাণে ব্যয় হবে সাড়ে চার কোটি টাকারও বেশি। সংশ্লিষ্টদের বিশ্বাস বাংলাদেশের ইতিহাসে ব্যয়বহুল এবং ঝকঝকে চলচ্চিত্র দেশের মানুষ সাদরে গ্রহণ করবে।

ধুমধাম নাচের সাথে গানটি সাজানো হয়েছে। গানের লাইনগুলো একের পর এক দৃশ্যায়নে ব্যবহার হচ্ছে ব্যয়বহুল ক্রেন স্টেডি ক্যামেরা এবং ছবির জন্য বিশেষায়িত প্রযুক্তি।গানটির কোরিওগ্রাফি রোহান এবং বিলাল। সেই গানের সেটের একটি ছবি সামাজিক যোগাযোগ মাধ্যমে শেয়ার করেছেন শান্ত খান। অভিনেতা শান্ত বলেন, ‘বাংলাদেশের মধ্যে শাপলা মিডিয়ার ছবি মানেই বিগ বাজেটের ছবি।’

শাপলা মিডিয়া প্রযোজিত শাহীন সুমনের পরিচালনায় আধুনিক সব প্রযুক্তি এবং কাহিনী নিয়ে ব্যয়বহুল ছবি গ্যাংস্টার নির্মাণ শুরু হয় চলতি বছরে। এ সিনেমার প্রথম লটের শুটিং গাজীপুরে শুরু হয়।বর্তমানে কক্সবাজারে চলছে এ সিনেমার রোমান্টিক গানের দৃশ্যধারণের কাজ। ইনডোরে একটি এবং আউটডোরে ৩টি গানের দৃশ্যায়ন হবে।এতে আরও একটি জুটি দেখা যাবে  জাতীয় চলচ্চিত্র পুরস্কার প্রাপ্ত অভিনেতা সাইমন সাদিক ও জনপ্রিয় অভিনেত্রী মাহিয়া মাহিকে।

Link copied!