জানুয়ারি ২৯, ২০২২, ০৪:৫৪ পিএম
বাংলাদেশ চলচ্চিত্র শিল্পী সমিতির সাধারণ সম্পাদক পদে টানা তৃতীয়বার নির্বাচিত হয়েছেন চিত্রনায়ক জায়েদ খান। নির্বাচনে তার প্রতিদ্বন্ধি ছিলেন চিত্রনায়িকা নিপুণ। তার থেকে ১৩ ভোটের ব্যবধানে জয় পেয়েছেন জায়েদ খান। নির্বাচিত হওয়ার পর বিভিন্ন বিষয়ে গণমাধ্যমের সঙ্গে কথা বলেন তিনি। এসময় টাকা দিয়ে ভোট কেনা সংক্রান্ত নিপুনের অভিযোগ মিথ্যা ও ভিত্তিহীন বলে দাবি করেন। সংবাদমাধ্যম দ্য ডেইলি স্টারের বাংলা অনলাইন ভার্সন তার এসব কথা তুলে ধরেছেন।
টানা তৃতীয়বার জয়ের পেছনে কারণ সম্পর্কে সাংবাদিকের এক প্রশ্নের জবাবে জায়েদ খান বলেন, “শিল্পীদের জন্য কাজ করলে অবশ্যই তারা আমাকে ভোট দেবেন, এটা একেবারেই সহজ বিষয়। সারাবছর তাদের পাশে থাকার চেষ্টা করেছি বলেই তারা ভোট দিয়েছেন। আমাকে নির্বাচিত করেছেন। দিন শেষে কাজ করা মানুষকেই শিল্পীরা পছন্দ করেন, নির্বাচিত করেন। শিল্পীরা ব্যালটের মাধ্যমে তাদের মূল্যবান রায় দিয়েছেন।”
নির্বাচন চলাকালে টাকা নিয়ে ভোট কেনা সংক্রান্ত নিপুনের অভিযোগের বিষয়ে শিল্পী সমিতির এই সাধারণ সম্পাদক বলেন, “এ বিষয়ে গতকালই (শুক্রবার) বলেছি, আমার বিরুদ্ধে টাকা দিয়ে ভোট কেনার কোনো প্রমাণ নেই। কেউ এখন পর্যন্ত সেই প্রমাণ দেখাতে পারেননি। এগুলো সব ভিত্তিহীন মিথ্যা কথা। এমন কথার কোনো মূল্য নেই আমার কাছে।” নির্বাচন ঘিরে অনেক কাঁদা ছোড়াছুড়ি হয়েছে, যেটা সত্যিই কাম্য ছিল না বলেও তিনি মন্তব্য করেন।
শিল্পী সমিতির নির্বাচন নিয়ে উৎসাহের বিষয়ে ঢাকাই ছবির এই নয়াক বলেন, “আমি শিল্পীদের ভালোবাসি। দীর্ঘদিন ধরে সংগঠন করে আসছি। তাই কেন ভালো লাগবে না সেটা বলেন। শিল্পীদের জন্য কিছু করতে চাই। এখানে আমি দোষের কিছু দেখছি না।”
শিল্পী সমিতি নিয়ে নিজের ভাবনা সম্পর্কে সাংবাদিকদের এক প্রশ্নের জবাবে জায়েদ খান বলেন, “শিল্পীদের জন্য আমি কাজ করতে চাই। যে কাজগুলো করতে পারিনি সেগুলো করার ইচ্ছা আছে। তবে, সভাপতি হিসেবে মিশা ভাইকে ভীষণ মিস করব। ৪ বছর ধরে একসঙ্গে পথ চলেছি আমরা।” এসময় তৃতীয়বারের মতো ভোট দিয়ে সেবা করার সুযোগ দেওয়ায় শিল্পী সমিতির সবাইকে সবাইকে ধন্যবাদ জানান তিনি।