শুভেচ্ছা জানাতে গিয়ে ভাইরাল জয়া আহসান

দ্য রিপোর্ট ডেস্ক

এপ্রিল ১৪, ২০২১, ০৪:৫১ পিএম

শুভেচ্ছা জানাতে গিয়ে ভাইরাল জয়া আহসান

শুরু হয়ে গেছে পবিত্র রমজান মাস। আজ ১৪ এপ্রিল থেকে সিয়াম সাধনা করছেন মুসলিমরা। এদিকে একই দিনে বাঙ্গালিদের প্রাণের উৎসব পহেলা বৈশাখ। কিন্তু করোনা পরিস্থিতির জন্য এবছর পহেলা বৈশাখকে ঘিরে করা হয়নি বড় কোন আয়োজন। তবে সামাজিক যোগাযোগ মাধ্যমে তারকারা জানাচ্ছেন মাহে রমজান এবং বৈশাখের শুভেচ্ছা। এমনই শুভেচ্ছা পোস্ট দিয়ে ভাইরাল হয়ে গেছেন জয়া আহসান।

বাংলাদেশের জনপ্রিয় অভিনেত্রী জয়া আহসান। বাংলাদেশের পাশাপাশি কলকাতাতেও তার সমানভাবে জনপ্রিয়তা রয়েছে। দুই বাংলার জনপ্রিয় এই অভিনেত্রী অন্যান্য তারকাদের মতো রমজান এবং পহেলা বৈশাখের শুভেচ্ছা জানিয়েছেন ভক্তদের। শুভেচ্ছা জানানো সাথে নিজের ফেসবুক পেজে দুটি ছবি শেয়ার করেছেন জয়া। সেখানে নীল রঙের শাড়িতে দেখা গেছে তাকে। ছবির সাথে ক্যাপশনে জয়া লিখেছেন, ‘নববর্ষের শুভেচ্ছা সবাইকে। রমজানের পবিত্রতা নতুন বছরকে স্নিগ্ধ করে তুলুক, প্রশান্তিময় হোক জীবন।’ সেই পোস্টেই কমেন্টে প্রশংসার ঝড় উঠেছে। পোস্ট শেয়ার করার মুহুর্তের মধ্যে ভাইরাল হয়ে যান এই অভিনেত্রী। একের পর এক ভক্তরা শেয়ার করছে তার স্ট্যাটাসটি। অনেকেই বলছেন, তার শাড়ি পরা ছবির মধ্যে রয়েছে শালীনতা।

এই স্ট্যাটাসের আগেও জয়া আহসান আরেকটি স্ট্যাটাসের মাধ্যমে বাংলা নতুন বছরকে স্বাগত জানিয়েছেন। সেখানে তিনি লিখেছেন, ‘কোভিডের দুঃসময় আমরা পার হইনি। চারদিকে বিষণ্নতা আর মৃত্যু। কিন্তু দুঃসময়ই যে মানুষের শেষ কথা নয়, সে কথা জানাতেই তো বাংলা নববর্ষের আগমন। করোনার বিস্তারে গত বছরের নববর্ষে আমরা সংযত থেকেছি। প্রত্যাশা করেছি, পরের নববর্ষে দুর্যোগের গাঢ় মেঘ মাথার ওপর থেকে সরে যাবে। এবারে কোভিড আরও জোরেসোরে ফিরে এসেছে। কিন্তু কোভিডের কী সাধ্য পয়লা বৈশাখের প্রাণশক্তিকে চাপা দেয়! মানুষকে পরাস্ত করা কি এতই সহজ! কত যুদ্ধ, মন্বন্তর, মারি পেছনে ফেলেই না এত দূর এগিয়ে এসেছে মানুষ।’

এরই সাথে জয়া আরও লিখেছেন, ‘আমরা সতর্ক আর নিরাপদ থাকব, নিজেদের সুস্থ রাখার জন্য সবকিছু করব, সবার জন্য দু হাত বাড়িয়ে রাখব, মনকে ভরে রাখব আলোয়। নববর্ষের কচি রোদ আমাদের সবার মুখের ওপরে। দুঃসময় পেরিয়ে আমাদের এই পথ চলাতেই আনন্দ। শুভ নববর্ষ।’

Link copied!