শেখ কামালকে কখনো রাষ্ট্রপতির ছেলে মনে হয়নি, এতটাই সাধারণ ছিলেন: ডলি জহুর

দ্য রিপোর্ট ডেস্ক

আগস্ট ৫, ২০২২, ০৪:৩৬ পিএম

শেখ কামালকে কখনো রাষ্ট্রপতির ছেলে মনে হয়নি, এতটাই সাধারণ ছিলেন: ডলি জহুর

বাংলাদেশের কিংবদন্তী অভিনেত্রী ডলি জহুর ঢাকা বিশ্ববিদ্যালয়ে পড়াকালীন মঞ্চ নাটকে অভিনয় করতেন। সমাজবিজ্ঞান বিভাগে পড়তেন তিনি। সে সময় স্বাধীন বাংলাদেশের স্থপতি শেখ মুজিবুর রহমানের জ্যেষ্ঠ পুত্র শেখ কামালের সাথে তাঁর ছিল খুব ভালো সম্পর্ক। একসাথে মঞ্চ নাটকে অভিনয় করেছিলেন। শেখ কামালকে নিয়ে তাঁর কাছে আছে স্মৃতির ঝাঁপি। সেই সময়কার কথা এখনো তাঁর মনে পড়ে কিনা তা নিয়ে দ্য রিপোর্ট ডট লাইভের সাথে কথা হলো ডলি জহুরের।

শেখ কামাল আপনার সহপাঠী ছিলেন, তাঁর সাথে সম্পর্ক কেমন ছিলো?
সহপাঠী না ঠিক উনি আমার তিন বছরের সিনিয়র ছিলেন৷ আমরা একসঙ্গে মঞ্চ নাটকে অভিনয় করেছি। একসঙ্গে নাটকের রিহার্সাল করতাম। সেই সূত্রে উনার সাথে পরিচয়। তখন তো দিনকাল ভালো ছিল না। সন্ধ্যার পর কোথাও কোথাও কারফিউ দিয়ে রাখত। কামাল ভাই আমি একসঙ্গে ফিরতাম। তখন থেকে উনাকে ভাল ভাবে চিনতে শুরু করি।  

শেখ কামালের সাথে সেরকম আলোড়িত কোনো স্মৃতি কি মনে পড়ে?
স্মৃতি তো খুব বেশি একটা মনে নেই সবকিছুই ভাসা-ভাসা। ম হামিদের পরিচালনায় 'নবান্ন' নাটকে ঢাকা বিশ্ববিদ্যালয়ের বাৎসরিক সাংস্কৃতিক সভায় বাংলা একাডেমিতে নাটকটি হয়েছিলো। নাটকটিতে আমার শ্বশুর চরিত্রে তিনি ছিলেন।  

শেখ কামালকে শ্বশুর চরিত্রে দেওয়ার কারণ কি?
শেখ কামালকে শ্বশুর চরিত্রে দেওয়ার কারণ ছিলো উনি ছিলেন শুকনা, পাতলা, লম্বা। যার কারণে উনার বাঁকা হয়ে বুড়ো সাজতে খুব সহজ হতো। তখন লাঠি ভর করে ওই চরিত্রটি তিনি করেছিলেন। সেই চরিত্রটিতে খুব সুন্দর করে উনি ফুটিয়ে তুলেছিলেন।

মানুষ হিসেবে কেমন ছিলেন তিনি?
সাংস্কৃতিক মনোভাবের মানুষ ছিলেন তিনি। সাংস্কৃতিক অনুষ্ঠানে ও অংশগ্রহণ করতো, খেলাধুলা ও করতো। তিনি খুব সহযোগী মনোভাবের ছিলেন। তিনি যে একজন মন্ত্রীর ছেলে তার আদলে বা ব্যবহারে কখনোই মনে হতো না। তিনি আমাদের মতোই একজন সহপাঠী, একজন সদস্য হয়ে কাজ করতেন।

মন্ত্রীর ছেলে তিনি এমনটা কখনো মনে হয়েছে?
কখনই মনে হতো না। রিহার্সাল শেষে সবাই একসঙ্গে বাড়ি ফিরতাম। কিন্তু কামাল ভাইয়ের কাছে ভাড়া থাকতো না। তা নিয়ে সকলে খুনসুটি করতাম,  ক্ষ্যাপাতাম। তিনি এসবে কিছু মনে করতেন না। খুব সাদাসিধে মানুষ ছিলেন, সাধারণভাবে চলতেন। তখন কার সব কথা তো মনে নেই। হাসির সুরে বলে উঠে যদি জানতাম এই বয়সে এসে কামাল ভাইকে নিয়ে ইন্টারভিউ দিতে হবে তাহলে তখন কামাল ভাইয়ের সাথে ছবি তুলে রাখতাম। সব রেকর্ড করে রাখাতাম। কারণ সব স্মৃতি তো ঝাপসা।  

নাট্যাঙ্গনে কেমন পরিচিত ছিলেন তিনি?  
তিনি একজন বিশাল মাপের রাজনীতিবিদের ছেলে হয়েও ছিলেন অনেক প্রতিভার অধিকারী। নাট্যাঙ্গনে জড়িত ছিলো ওতোপ্রতোভাবে। “নবান্ন” নাটকে বয়স্ক বৃদ্ধর চরিত্রে তিনি অভিনয় করছেন। নাটকটি বয়স্ক দুই ভাইয়ের প্রাধান দুটি চরিত্র নিয়ে আবর্তন হয়েছিলো। এমন আরও দুটি নাটকে অভিনয় করেছিলেন তিনি। ‘নাট্যচক্র’র সংগঠনের সাথে শেখ কামাল জড়িয়ে ছিলেন। শেখ কামাল ছিলেন ‘ঢাকা থিয়েটার’-এর প্রতিষ্ঠাতাদের অন্যতম। অভিনয়শিল্পী হিসেবে ঢাকা বিশ্ববিদ্যালয়ের নাট্যাঙ্গনে ছিলেন ব্যাপক পরিচিত।

Link copied!