জনপ্রিয় আরেক অভিনেত্রী শ্রাবন্তীও বিজেপি ছাড়লেন। বৃহস্পতিবার (১১ নভেম্বর) টুইটে শ্রাবন্তী লেখেন, ‘যে দলের হয়ে আমি গতবার নির্বাচনে লড়েছিলাম, সেই বিজেপির সঙ্গে সব সম্পর্ক ছিন্ন করছি। তাদের মধ্যে বাংলার স্বার্থ পূরণ করে আরও এগিয়ে নেওয়ার উদ্যোগ ও আন্তরিকতার অভাব।’
চলতি বছর নির্বাচনে কলকাতার বেহালা পশ্চিম কেন্দ্র থেকে পার্থ চট্টোপাধ্যায়ের বিরুদ্ধে গেরুয়া শিবিরের প্রার্থী ছিলেন শ্রাবন্তী। ভোটে পরাজিত হন এ অভিনেত্রী। তারপর থেকেই বিজেপির সঙ্গে দূরত্ব বাড়তে থাকে তার। অবশেষে দল ছেড়ে দিলেন শ্রাবন্তী।
বিভিন্ন ভারতীয় গণমাধ্যমের খবরে জানা গেছে, ভোটের পর প্রকাশ্যে বিজেপির হয়ে কোনো কর্মসূচিতে অভিনেত্রীকে দেখা যায়নি। ফলে তাঁকে নিয়ে জল্পনা ছিলই।
বিধানসভায় ভোটে পরাজয়ের পর বিজেপির সাবেক রাজ্য সভাপতি তথাগত রায় দলের তারকা প্রার্থীদের নানাভাবে কটাক্ষ করেছিলেন। সামাজিক যোগাযোগমাধ্যমে মন্তব্য করে আক্রমণ করেছিলেন তথাগত রায়। এরই মধ্যে একাধিক নেতা বিজেপি ছেড়েছেন।