প্রথম বারের মতো বাংলাদেশে এসে মাতিয়ে গেলেন বলিউডের জনপ্রিয় আইটেম গার্ল ও অভিনেত্রী সানি লিওনে। গতকাল শনিবার বিকেলে এসে রবিবার সকালেই মুম্বাইয়ের উদ্দেশ্যে ঢাকা ছাড়েন তিনি।

তবে শনিবার রাতে নিজে নেচে এবং অনেককে নাচিয়ে নিজের জাত চিনিয়ে গেছেন। তার নাচের সাথে কোমর দুলিয়েছেন বাংলাদেশের অভিনেত্রী প্রার্থনা ফারদিন দীঘি।
গায়ক-সুরকার-সংগীত পরিচালক ও বেসরকারি টেলিভিশন চ্যানেল গান বাংলা’র কর্ণধার কৌশিক হোসেন তাপসের মেয়ের বিয়েতে যোগ দিতেই স্বামীসহ এসেছিলেন সানি লিওনে।

তার সঙ্গে একই দিনে আরও এসেছিলেন বলিউডের আরেক অভিনেত্রী নারগিস ফাখরি, টলিউড অভিনেত্রী নুসরাত জাহান ও তার স্বামী যশ দাশগুপ্ত এবং মিমি চক্রবর্তী। ওই অনুষ্ঠানে ঢালিউড অভিনেত্রী দীঘি ছাড়াও বেশ কয়েকজন অভিনেত্রী ও মডেল উপস্থিত ছিলেন।

অনুষ্ঠানে সানি লিওনের সঙ্গে নাচেরও সুযোগ পান দীঘি। সানির সঙ্গে আলাপের ও নাচের সেই অভিজ্ঞতা গণমাধ্যমকে জানিয়েছেন তিনি।

দীঘি গণমাধ্যমে বলেন, ‘সানি তো খুবই ভালো। যখন কনের এন্ট্রি হচ্ছিল, আমি তার (সানি) পেছনে দাঁড়িয়ে ছিলাম। তিনি আমাকে পাশে নিয়ে দাঁড় করিয়েছেন। তিনি আর তার স্বামী ড্যানিয়েল আমাকে বলেন, তুমি পাশে এসে দাঁড়াও, কোনো সমস্যা নেই। নিশ্চিত হওয়ার জন্য আমি বললাম, শিওর? তিনি বললেন, ইয়েস, শিওর। পরে তাদের পাশে গিয়ে দাঁড়াই।”

বলিউডের এই অভিনেত্রীর সঙ্গে স্টেজে ছবিও তুলেন দীঘি। তা জানিয়ে এই অভিনেত্রী বলেন, ‘সানি লিওনের মুখে হাসি লেগেই থাকে। আমার আবদার শুনে কাছে এসে ছবি তোলেন। সানি লিওন খুবই ভালো, খুবই লক্ষ্মী।’

দীঘির ভাষ্য, ‘এক পর্যায়ে সানি-দের সঙ্গে গানের তালে নেচেছেনও তিনি। সানি কিংবা তার স্বামী কাউকেই বিদেশি মনে হয়নি। একেবারে আপন মানুষের মতোই তারা আচরণ করেছেন।’