সাবেক ক্রিকেটারকে বিয়ে করলেন প্রয়াত নায়ক সালমান শাহ’র স্ত্রী

দ্য রিপোর্ট ডেস্ক

আগস্ট ১৪, ২০২১, ১০:৪৬ পিএম

সাবেক ক্রিকেটারকে বিয়ে করলেন প্রয়াত নায়ক সালমান শাহ’র স্ত্রী

ঢাকাই সিনেমার জনপ্রিয় নায়ক সালমান শাহ’র স্ত্রী সামিরা বিয়ে করেছেন সাবেক ক্রিকেটার ও ক্রিকেট বিশ্লেষক ইশতিয়াক আহমেদকে। গত ১৫ জুলাই দুই পরিবারের সদস্যদের উপস্থিতিতে তাদের বিয়ের আনুষ্ঠানিকতা সম্পন্ন হয় বলে জানা গেছে।

শনিবার (১৪ আগস্ট) রাতে গণমাধ্যমকে খবরটি নিশ্চিত করেছেন তার সাবেক স্বামী মোশতাক। এ বিষয়ে তিনি গণমাধ্যমকে বলেন, ‘ঘটনাটি বেদনাদায়ক হলেও সত্যি। আজ থেকে দশ দিন আগে সামিরা বিয়ে করেছে। সামিরার সঙ্গে আমি সবসময় ছিলাম, ভবিষ্যতেও বন্ধু হয়ে থাকবো।’

মোশতাক আরও জানান, গত ২১ মার্চ ডিভোর্স নোটিশ পাঠান সামিরা। সেটা দুজনের সম্মতিতেই কার্যকর হয়েছে ২১ জুন।

নিজের নতুন জীবনে প্রবেশের কথা নিশ্চিত করেছেন সামিরাও। এ প্রসঙ্গে তিনি বলেন, ‘সালমান শাহের স্ত্রী হিসেবে আমার পরিচয়ের বাইরে আমি একজন সাধারণ মানুষ, একজন নারী। অনেক চেষ্টার পরও মানুষ জীবনের অনেক পরিবর্তন আটকাতে পারে না। আমার জীবনেও পরিবর্তন এসেছে। আমি ও মোশতাক দুজনে এক হয়েই বিচ্ছেদের সিদ্ধান্ত নিয়েছি। আমার নতুন জীবন শুরুতেও তার শুভেচ্ছা পেয়েছি। আমাদের সন্তানরাও এ সিদ্ধান্তের সঙ্গে জড়িত ছিল।’

সামিরা জানান, বর্তমানে তিনি ইশতিয়াকের বাসায়ই থাকছেন। সামিরার আগের সংসারের তিন সন্তান এখানে তার সঙ্গেই থাকে। তারা প্রতি শুক্রবার বাবার বাসায় যায়।

উল্লেখ্য, ১৯৯৬ সালের ৬ সেপ্টেম্বর সালমান শাহের মৃত্যুর পর তার স্ত্রী সামিরা বিয়ে করেন সালমানের বন্ধু মোশতাক ওয়াইজকে৷ মোশতাকের সংসারে এক পুত্র ও দুই কন্যা রয়েছে সামিরার।

Link copied!