জুলাই ১৪, ২০২২, ০৮:০৩ পিএম
প্রতিবন্ধী সেই ভক্ত সোহেল রানাকে (২৫) দেখতে গিয়েছিলেন চিত্রনায়ক অনন্ত জলিল ও তার স্ত্রী অভিনেত্রী বর্ষা। হেলিকপ্টারে চড়ে বগুড়ার কাহালুতে পৌঁছে তারা প্রায় এক ঘণ্টা ভক্তের সঙ্গে সময় কাটান। এসময় তারা দুই লাখ টাকা সহায়তাসহ বিদেশে চিকিৎসার প্রতিশ্রতি দেন। সোহেল রানা (প্রতিবন্ধী) কাহালু উপজেলার নিমারপাড়া গ্রামের মোজামের ছেলে।
বৃহস্পতিবার বেলা পৌনে ১টার সময় অনন্ত-বর্ষাকে বহন করা হেলিকপ্টারটি উপজেলার কালিপাড়া উচ্চবিদ্যালয় মাঠে অবতরণ করে। এসময় তাদের এক নজর দেখতে অনেক আগে থেকেই অসংখ্য মানুষ সেখানে জড়ো হন।

নিজের প্রিয় নায়ককে কাছে পেয়ে ভক্ত সোহেল রানা গণমাধ্যমকে বলেন, ‘আমার খুব ভালো লাগছে। আমি খুবই আনন্দিত। আজকে নিজেকে প্রতিবন্ধী মনেই হচ্ছে না।’
এসময় সমবেত জনতার উদ্দেশে অনন্ত-বর্ষা বলেন, “গ্রামের মানুষ খুবই সহজ-সরল। গ্রামের অপরূপ দৃশ্য দেখে আমরা সব সময় মুগ্ধ হই। গ্রামের মানুষের ফলানো ফসলই বাঁচিয়ে রাখে শহরের মানুষকে।
এ সময় অনন্ত জলিল ও বর্ষা তাদের ভক্ত সোহেল রানাকে ২ লাখ টাকার আর্থিক সহায়তা দেন এবং বিদেশে সুচিকিৎসার প্রতিশ্রুতি দেন।
এসময় অন্যদের মধ্যে কাহালু উপজেলা শাখা আওয়ামী লীগের সভাপতি মো. হেলাল উদ্দিন কবিরাজ, সাধারণ সম্পাদক আব্দুল মান্নান, নন্দীগ্রাম উপজেলা শাখা আওয়ামী লীগের সভাপতি আনোয়ার হোসেন উপস্থিত ছিলেন।