সেন্সর বোর্ডে ছাড়পত্র পেয়েছে ‘কসাই’

দ্য রিপোর্ট ডেস্ক

মার্চ ১৭, ২০২১, ১২:৫৭ পিএম

সেন্সর বোর্ডে ছাড়পত্র পেয়েছে ‘কসাই’

গতকাল ১৬ মার্চ সেন্সর বোর্ড থেকে ছাড়পত্র পেয়েছে ‘কসাই’ সিনেমাটি। সিনেমাতে মুখ্য চরিত্রে অভিনয় করেছেন নিরব হোসাইন, রাশেদ মামুন অপু, এলিনা শাম্মী, কাজী নওশাবা আহমেদ, ট্রান্সজেন্ডার নারী তাসনুভা শিশির, প্রিয়মনি শাহীন মৃধা, রিও প্রমুখ। পরিচালনা করেছেন অনন্য মামুন। অনেকদিন ধরেই আলোচনার মধ্যে রয়েছে ‘কসাই’ সিনেমাটি। ‘হিংস্রতাই নেশা’ স্লোগানে সিনেমাটি নির্মিত হয়েছে সত্য ঘটনা অবলম্বনে। যদিও সিনেমাটি মুক্তির তারিখ ঘোষণা করা হয়নি।

সিনেমাটি নিয়ে নির্মাতা অনন্য মামুন বলেন, ‘সেন্সর বোর্ড সিনেমাটি দেখেছে এবং ছাড়পত্র দিয়েছি। আশা করছি দুই একদিনের মধ্যেই সার্টিফিকেট হাতে পাব।’ তিনি আরও বলেন, ‘কসাই’-এর গল্পের প্রতিটি মোড়ে সাসপেন্স আছে। সত্য ঘটনা অবলম্বনে এই সিনেমা। তবে কোন ঘটনা, সেটা এখনই প্রকাশ করা হবে না। এটা সারপ্রাইজ হিসেবে থাকছে দর্শকদের জন্য।’

সিনেমাটি প্রেক্ষাগৃহ ও ওটিটি প্ল্যাটফর্ম দুই জায়গাতেই মুক্তি দেয়া হবে জানিয়ে অনন্য মামুন বলেন, ‘মুক্তির তারিখ এখনও ঠিক করা হয়নি। আমরা চেষ্টা করব যত তাড়াতাড়ি সম্ভব সিনেমাটি মুক্তি দেয়ার। সামনে রোজার মাস দেখে শুনে শিগগিরই কসাই মুক্তির তারিখ ঘোষণা করা হবে।’

অনন্য মামুনের সর্বশেষ নির্মাণ করা ছবি ‘নবাব এলএলবি’। এছাড়া ‘মোস্ট ওয়েলকাম’, ‘আমি শুধু চেয়েছি তোমায়’, ‘ব্ল্যাকমেল’ ও ‘ভালোবাসার গল্প’ এর মতো ছবি নির্মাণ করেছেন এই পরিচালক।

ছবিটি সেন্সর পাওয়ার পর অভিনেত্রী কাজী নওশাবা আহমেদ সামাজিক যোগাযোগ মাধ্যেমে লিখেছেন, ‘আমি সত্যি আপনার সাহসের প্রশংসা করি অনন্য মামুন। আমি এবং তাসনুভা আনান আপনার কাছ থেকে আলো পেলাম। আমার আশীর্বাদ সর্বদা আপনার এবং আপনার দলের পথে থাকবে। সহযোগিতা করার জন্য বিশেষ করে ধন্যবাদ জানাই আমাদের ভয়ঙ্কর রাশেদ মামুনুর রহমানকে! আমাদের সিনেমা, ‘কসাই’ সেন্সরে ছাড়পত্র পেয়েছে! শিগগিরই দেখা হবে হলে! ইনশাআল্লাহ!’

রাশেদ মামুন অপু সামাজিক যোগাযোগ মাধ্যেমে লিখেছেন, “আলহামদুলিল্লাহ। সেন্সর ছাড়পত্র পেলো ‘কসাই’ সিনেমা।”

Link copied!