ঢালিউডের জনপ্রিয় নায়িকা মাহিয়া মাহি তার স্বামী পারভেজ মাহমুদ অপুর সঙ্গে বিচ্ছেদে যাচ্ছেন। শনিবার (২২ মে) রাতে বিচ্ছেদের খবর জানিয়ে এই অভিনেত্রী ফেসবুকে স্ট্যাটাস দিয়েছেন।
মাহি নিজেও গণমাধ্যমকে এ তথ্য নিশ্চিত করেন। মাহি জানান, তারা বেশ কিছুদিন ধরেই আলাদা থাকছেন। ব্যক্তিগত কিছু বিষয়ের বোঝাপড়া না হওয়ায় সম্প্রতি তারা বিচ্ছেদের সিদ্ধান্ত নেন।
পরে মাহি শ্বশুরবাড়ির লোকদের কাছ থেকেও ক্ষমা চেয়েছেন। ঘটনার প্রসঙ্গে জানতে চাইলে মাহি গণমাধ্যমকে বলেন, ‘আমাদের বিচ্ছেদ হয়েছে। এর মধ্য দিয়ে পৃথিবীর সবচেয়ে ভালো মানুষটার কাছ থেকে আলাদা হয়েছি। এ মুহূর্তে আমার এর বেশি কিছু বলার মতো অবস্থা নেই।’

আপনারা কবে থেকে বিচ্ছেদের সিদ্ধান্ত নিলেন? সাংবাদিকের করা এমন প্রশ্নের জবাবে মাহি বলেন, ‘আমরা আলাদা হয়ে গেছি সত্য; কিন্তু কবে, কখন থেকে—এসব বলতে চাইছি না।’
বেশ কিছু দিন ধরেই মাহি ফেসবুকে মন খারাপের স্ট্যাটাস দিচ্ছিলেন। সেটা ছিল তার ব্যক্তিগত ঘটনার অনুভূতি। গতকাল রাতে তিনি স্ট্যাটাসে লেখেন, ‘এই পৃথিবীর সবচেয়ে ভালো মানুষটার সাথে থাকতে না পারাটা অনেক বড় ব্যর্থতা।’

আবার কিছু স্ট্যাটাসে সবার সঙ্গে ঈদের খুশি ভাগাভাগি করছেন মাহি। তাঁর কাছে জানতে চাইলাম বিচ্ছেদের সিদ্ধান্ত হঠাৎ কেন নিলেন? তিনি বলেন, ‘মানুষের জীবনে অনেক কিছুই ঘটে। অনেক কিছু ভাগ্যের ওপর নির্ভর করে। এইটুকু বলব, আমি অপুকে সম্মান করি। আমাদের মধ্যে ব্যক্তিগত বোঝাপড়া নিয়ে কিছু বিষয়ে সমস্যা ছিল। যেটা হয়তো আমাদের সম্পর্ক টিকতে দিল না। হয়তো আরও কিছু বিষয় ছিল। আপনাদের কাছে অনুরোধ, তাঁর ও আমার কোনো অসম্মান হোক তেমন কিছু চাই না। আর আমরা কেন বিচ্ছেদের সিদ্ধান্ত নিয়েছি, সেটা বলতে পারছি না।’

বর্তমানে মাহি ঈদ করতে চাঁপাইনবাবগঞ্জে তার গ্রামের বাড়িতে গিয়েছেন। সেখানে পরিবারের সঙ্গে সময় কাটাচ্ছেন।মাহি জানান, বিচ্ছেদ নিয়ে আপাতত তিনি আর কোনো কথা গণমাধ্যমে বলতে চান না। যা হয়েছে, সেটা দুই পরিবারের মধ্যেই থাকুক। ঈদ কাটানো শেষে ঢাকায় ফিরে তার শিডিউল দেওয়া সিনেমাগুলোয় মনোযোগ দিতে চান।
২০১৬ সালে বিয়ে করেন অভিনেত্রী মাহিয়া মাহি। তার স্বামীর নাম পারভেজ মাহমুদ। ডাকনাম অপু। তিনি যুক্তরাজ্য থেকে কম্পিউটার প্রকৌশল নিয়ে পড়ালেখা করে সিলেট শহরে নিজেদের পারিবারিক ব্যবসা দেখাশোনা করেন।
দুই পরিবারের সম্মতিতে সেই বছর ২৫ মে তাদের বিয়ে হয়। আগামী পরশু হতে যাচ্ছিল তাঁদের পঞ্চম বিবাহবার্ষিকী। এর ঠিক তার দুদিনে আগে তাদের বিচ্ছেদের সিদ্ধান্ত এল। বিয়ের মাসেই বিচ্ছেদ।