ফেব্রুয়ারি ৮, ২০২২, ০৪:১৮ পিএম
বাংলাদেশ চলচ্চিত্র শিল্পী সমিতির সদ্য সমাপ্ত নির্বাচনে সাধারণ সম্পাদক হিসেবে জায়েদ খানের প্রার্থিতা বাতিলের সিদ্ধান্ত স্থগিত করে হাইকোর্টের দেওয়া আদেশের বিরুদ্ধে অভিনেত্রী নিপুণের আপিল আবেদনের শুনানি আগামীকাল বুধবার অনুষ্ঠিত হবে।

মঙ্গলবার আপিল বিভাগের বিচারপতি ওবায়দুল হাসানের শুনানির এই দিন ধার্য করেন। নিপুণের আইনজীবী ব্যারিস্টার মোস্তাফিজুর রহমান গণমাধ্যমে বিষয়টি নিশ্চিত করেছেন।মঙ্গলবার সকালে হাইকোর্টের আদেশকে চ্যালেঞ্জ করে সুপ্রিম কোর্টের আপিল বিভাগে লিখিত আবেদন করেন নিপুণ।

এর আগে, গতকাল সোমবার দুপুরে জায়েদ খানের প্রার্থিতা বাতিল করে চলচ্চিত্র শিল্পী সমিতি নির্বাচনের আপিল বোর্ডের দেওয়া সিদ্ধান্ত স্থগিত করেন বিচারপতি মামনুন রহমান ও বিচারপতি খোন্দকার দিলীরুজ্জামানের হাইকোর্ট বেঞ্চ। একইসঙ্গে প্রার্থিতা বাতিলের সিদ্ধান্ত কেন অবৈধ হবে না তা জানতে চেয়ে রুল জারি করেন আদালত। আগামী ১৫ ফেব্রুয়ারি রুল শুনানির দিন ধার্য করা হয়েছে।

প্রসঙ্গত, গত ৫ ফেব্রুয়ারি জায়েদ খানের প্রার্থিতা বাতিল করে নিপুণকে শিল্পী সমিতির সাধারণ সম্পাদক ঘোষণা করেন নির্বাচনী আপিল বোর্ডের চেয়ারম্যান সোহানুর রহমান সোহান। একই সঙ্গে নায়িকা নিপুণকে বিনা প্রতিদ্বন্দ্বিতায় জয়ী ঘোষণা করা হয়।

গত ২৮ জানুয়ারি বাংলাদেশ চলচ্চিত্র শিল্পী সমিতির নির্বাচন অনুষ্ঠিত হয়।বহুল আলোচিত ওই নির্বাচন চলাকালে জায়েদ খানের বিরুদ্ধে ভোট কেনার জন্য প্রার্থীদের টাকা দেওয়ার অভিযোগ করেন নিপুণ।

নির্বাচন কমিশন নির্ধারিত সময়ে না করে ২৯ জানুয়ারি ভোর ৫টার দিকে ফলাফল ঘোষণা করে। ওই ফলাফলে জায়েদ খান সাধারণ সম্পাদক হিসেবে নির্বাচিত হন গত ২৮ জানুয়ারি অনুষ্ঠিত হয়েছিল চলচ্চিত্র শিল্পী সমিতির নির্বাচন। ওই নির্বাচনে প্রাথমিক ফলাফলে জায়েদ খান জয় পান।