হিশামের সঙ্গে অভিনেত্রী তমা মির্জার চূড়ান্ত বিচ্ছেদ

দ্য রিপোর্ট ডেস্ক

ডিসেম্বর ৩০, ২০২১, ০৯:০৮ পিএম

হিশামের সঙ্গে অভিনেত্রী তমা মির্জার চূড়ান্ত বিচ্ছেদ

ঢাকাই সিনেমার চিত্রনায়িকা তমা মির্জাকে ডিভোর্স দিয়েছেন স্বামী হিশাম চিশতি। চলতি বছরের গত ৭ সেপ্টেম্বর চিশতি তার আইনজীবীর মাধ্যমে তমা মির্জাকে ডিভোর্স নোটিশ পাঠান । নিয়ম অনুযায়ী তিনমাস পর গত ৭ ডিসেম্বর তাদের আনুষ্ঠানিক বিচ্ছেদ হয়েছে।

বিচ্ছেদ প্রসঙ্গে নায়িকার সাবেক স্বামী হিশাম গণমাধ্যমকে বলেন, “বিয়ের পর থেকে বেশ কিছু ঝামেলা তৈরি হয়েছে। সেসব মামলা পর্যন্ত গড়িয়েছে। আমি আর এসব সহ্য করতে পারছি না। আমার পরিবার আছে, পারিবারিক সম্মান আছে। সবকিছু বিবেচনা করে চলতি বছরের মে মাসের ৩ তারিখ সাক্ষীদের সামনে রেখে আপসনামা স্বাক্ষরের মাধ্যমে আমরা দুজনই সব মামলা উঠিয়ে নিই। এরপর ডিভোর্সের ব্যাপারে সিদ্ধান্ত নিয়েছি। ৭ সেপ্টেম্বর তাকে ডিভোর্স নোটিশ পাঠিয়েছি। আইন অনুযায়ী তিন মাসের মধ্যে সব সম্পর্কের জটিলতার নিষ্পত্তি ঘটে গেছে।”

হিশাম চিশতি আরও বলেন, “তার (তমা মির্জা) জন্য আমার শুভকামনা রইল। আমি শান্তিতে আছি, থাকতে চাই।”

কানাডা প্রবাসী হিশাম চিশতির সঙ্গে পরিচয়ের ৭ মাসের মাথায় তাকে বিয়ে করেন এই চিত্রনায়িকা। ২০১৯ সালের ৯ মার্চ তাদের বাদগানের পর ৭ মে পারিবারিক আয়োজনে বিয়ের আনুষ্ঠানিকতা সম্পন্ন হয়। কিন্তু বছর না যেতেই মনমালিন্য শুরু হয়।

তাদের দাম্পত্য কলহ থানা-আদালত পর্যন্ত গড়ায়। স্বামী-স্ত্রী একে অপরের বিরুদ্ধে আনেন মারধরের অভিযোগ। এরপর দুজনই বিচ্ছেদের কথা জানিয়েছিলেন। তবে আনুষ্ঠানিকভাবে নয়। বিচ্ছেদ না হলেও দীর্ঘ দিন ধরে স্বামী ছেড়ে আলাদা থাকছিলেন তমা মির্জা।

Link copied!