মার্চ ২, ২০২৩, ১০:০৭ পিএম
বেশ কয়েকদিন আগে হৃদরোগে আক্রান্ত হয়েছিলেন বলিউড অভিনেত্রী সুস্মিতা সেন। অ্যানজিওপ্লাস্টি করা হয়েছে। বুকে স্টেন্ট বসেছে।পরে সুস্থ হয়ে হাসপাতাল থেকে বাড়িও ফিরে গেছেন। তবে বৃহস্পতিবার এই খবর সামনে আসার পরই উদ্বেগ বেড়েছে তাঁর অনুরাগীদের।কেমন আছেন তিনি এখন?

তবে ভক্তদের এই উদ্বেগ দূর করে দিয়েছেন সুস্মিতা সেনের বাবা সুবীর সেন। ভারতীয় বেশ কয়েকটি গণমাধ্যম তার বরাত দিয়ে জানিয়েছে, এই মুহূর্তে বাড়িতেই আছেন বিশ্বসুন্দরী। ভয় পাওয়ার কিছু নেই। তিনি ভাল আছেন। দু-তিন দিন আগে আচমকাই হৃদরোগে আক্রান্ত হন তিনি। সুবির সেনের কথায়, “এখন অনেকটাই সুস্থ। একটা ব্লক ছিল তাই একটাই স্টেন্ট বসেছে। আগের থেকে অনেক ভাল আছে সুস্মিতা।”

বৃহস্পতিবার বাবার সঙ্গে ছবি দিয়ে সুস্মিতা সেন ইনস্টাগ্রামে লিখেছেন, ‘হদ্যন্ত্রকে সুস্থ ও সবল রাখো সোনা, যাতে যখন সবচেয়ে বেশি দরকার, সে তোমার পাশে দাঁড়াতে পারে (এটা বাবা শুভ্র সেনের কথা)। কয়েক দিন আগে আমারও হার্ট অ্যাটাক হয়...অ্যানজিওপ্লাস্টি করা হয়েছে...রিং বসেছে। সবচেয়ে গুরুত্বপূর্ণ কার্ডিওলজিস্ট নিশ্চিত করেছেন, আমার একটি বড় হৃদয় আছে।’

সাবেক এই বিশ্বসুন্দরী আরও যোগ করেন, “এই পোস্টটা দেওয়ার একটাই কারণ, সকলের সঙ্গে সুখবর ভাগ করে নিতে যাই যে, আমি ভাল আছি। আরও কিছু বছর বেঁচে থাকতে পারব। তোমাদের সবাইকে খুব ভালবাসি।” অভিনেত্রী সুস্থ আছেন এ কথা জানালেও ভক্তদের মধ্যে বেড়েছিল উৎকণ্ঠা,তবে সুবীরবাবু আশ্বস্ত করেছেন সকলকেই।

এই মুহূর্তে ৪৭ বছর বয়স সুস্মিতার। তিনি যে বরাবরই ফিটনেস ফ্রিক সে কথা সকলেই জানেন। জীবন চালান নিয়ম মেনে। শুধু কি তাই? শরীরচর্চাও চলে জোরকদমে। তা সত্ত্বেও তিনি হৃদরোগে আক্রান্ত হলেন কী করে তা কিছুতেই বুঝে উঠতে পারছেন না ভক্তরা।

সাম্প্রতিক অতীতে বারবার অভিনেতাদের হৃদরোগে আক্রান্ত হওয়ার খবর সামনে এসেছে। হৃদরোগে আক্রান্ত হয়েই প্রাণ হারিয়েছেন সিদ্ধার্থ শুক্লার মতো ব্যক্তিত্বরা। শুধু হৃদরোগই নয় ব্রেনস্ট্রোকের খবরও বারেবারেই সামনে এসেছে। এর কারণ কি কম ঘুম ও অতিরিক্ত পরিশ্রম? চিকিৎসকেরা অন্তত মনে করছেন এমনটাই।

এদিকে সুস্মিতা সেনকে খুব শিগগিরই দেখা যাবে জনপ্রিয় সিরিজ ‘আরিয়া’র তৃতীয় কিস্তিতে। ২০২০ সালে সিরিজটি দিয়েই দীর্ঘ বিরতির পর হিন্দি সিনেমায় ফেরেন সুস্মিতা। ব্যাপক জনপ্রিয়তার পাশাপাশি সমালোচকদেরও প্রশংসা পায় সিরিজটি। সুস্মিতার অভিনয়ের প্রশংসা করেন সালমান খান, বিদ্যা বালানসহ অনেকে।