হোলি পার্টি শেষে সড়ক দুর্ঘটনায় অভিনেত্রীর মৃত্যু

দ্য রিপোর্ট ডেস্ক

মার্চ ২১, ২০২২, ০৬:৪১ পিএম

হোলি পার্টি শেষে সড়ক দুর্ঘটনায় অভিনেত্রীর মৃত্যু

তেলেগু চলচ্চিত্রের জনপ্রিয় অভিনেত্রী তিনি। বন্ধুদের সঙ্গে গিয়েছিলেন হোলি পার্টিতে। আনন্দ-উল্লাস করে ফিরছিলেন নিজের বাড়ি। পথে দুর্ঘটনার শিকার হয়ে পাড়ি জমালেন না ফেরার দেশে। মাত্র ২৬ বছর বয়সে আকাশের ঠিকানায় চলে যাওয়া দক্ষিণ ভারতের এই অভিনেত্রীর নাম ডলি ডিক্রুজ। গায়ত্রী নামেও তিনি বেশ পরিচিত।

আনন্দবাজার, সংবাদ প্রতিদিনসহ বেশ কয়েকটি ভারতীয় গণমাধ্যমের খবরে বলা হয়, গত ১৯ মার্চ রাতে হোলি পার্টি শেষে বন্ধুদের সঙ্গে ফিরছিলেন অভিনেত্রী। হায়দরাবাদের গাছিবাউলিতে তাদের গাড়ি নিয়ন্ত্রণ হারিয়ে রাস্তার ডিভাইডারের সঙ্গে ধাক্কা লাগে। ঘটনাস্থলেই ডলির মৃত্যু হয়। অন্যদের গুরুতর আহত অবস্থায় স্থানীয় হাসপাতালে ভর্তি করানো হয়েছে।

সম্প্রতি ‘ম্যাডাম স্যার ম্যাডাম আন্থে’ ওয়েব সিরিজে অভিনয় করেছেন ডলি ডিক্রুজ। অভিনয়ের পাশাপাশি ইউটিউবার হিসেবেও এই অভিনেত্রীর খ্যাতি রয়েছে। তার চ্যানেলের নাম জলসা রাইডু।

ডলি ডিক্রুজের মৃত্যুতে তার অনেক সহকর্মী শোক জানিয়েছেন। সুরেখা বাণী নামে এক সহকর্মী ইনস্টাগ্রামে লিখেছেন, ‘আপনি কীভাবে চলে যেতে পারলেন, মা! সত্যিই একসঙ্গে অনেক মধুর সময় কাটিয়েছি।

এখনও বিশ্বাস করতে পারছি না। একসঙ্গে পার্টি করব, দয়া করে ফিরে আসবে কি! একসঙ্গে অনেক কিছু করার বাকি! অনেক কিছু শেয়ার করার বাকি। ফিরে আসো না! এটা যাওয়ার সময় নয়। তোমার অভাব অনুভব করতে চাই না। চিরদিন তোমাকে ভালোবেসে যাবো।’

এছাড়া ডলি ডিক্রুজের মৃত্যুতে শোকাহত তার ভক্তরা। সামাজিক যোগাযোগমাধ্যমে শোক প্রকাশ করছেন তারা।

Link copied!