হ্যাট্রিক করলেন অমিত হাসান

দ্য রিপোর্ট ডেস্ক

এপ্রিল ১১, ২০২১, ০৪:৫৩ পিএম

হ্যাট্রিক করলেন অমিত হাসান

ঢালিউডের জনপ্রিয় অভিনেতা অমিত হাসান। বেশ লম্বা সময় ধরে অভিনয়ের সাথে জড়িয়ে আছেন তিনি। বাংলাদেশের পাশপাশি কলকাতার সিনেমাতেও অভিনয় করেছেন এই অভিনেতা। এফডিসির নতুন মুখ প্রতিযোগিতা দিয়ে নব্বই দশকে সিনেমা জগতে প্রবেশ করেন তিনি। তবে এবার নিজের নতুন পরিচয় তৈরি করতে গিয়ে হ্যাট্রিক করলেন তিনি। একই সাথে পরিচালক, গীতিকার এবং সুরকার হিসেবে নাম লেখালেন তিনি। 

অভিনেতা অমিত হাসানের নতুন পরিচয়ের হ্যাট্রিক হয়েছে একটি নাটকের মধ্য দিয়ে। একটি নাটক পরিচালনা করে পরিচালকের খাতায় নাম লেখাচ্ছেন তিনি। সেই নাটকে একটি গান লিখে হলেন গীতিকার। সেই গানের সুর করে সুরকার হিসেবেও যাত্রা করলেন তিনি। বিষয়টি অমিত নিজেই নিশ্চিত করেছেন।

অভিনেতা অমিত হাসান জানান, খুব শিগগির একটি নাটক পরিচালনা করবেন। একইসঙ্গে তিনি অভিনয়ও করবেন। অমিত হাসান বলেন, 'এর আগে অনিয়মিতভাবে আমি শতাধিক টিভি নাটকে অভিনয় করেছি। এবার নিজেই পরিচালনা করার সিদ্ধান্ত নিয়েছি। লকডাউন ও করোনা পরিস্থিতি স্বাভাবিক হলে শুটিং শুরু করবো। এই নাটকের জন্য আমি একটা গানও লিখেছি এবং সুর করেছি।'

অমিত হাসানের লেখা গানের কথা হচ্ছে- ‘পরাণ পাখিরে খাঁচা খুলে উড়াল দিলি আকাশে, তুই অন্য কারও হলে বুকটা কেন জ্বলে’। এতে কণ্ঠ দিয়েছেন ও সংগীতায়োজন করেছেন আলী মুস্তাফা নামে নতুন একজন শিল্পী। এদিকে চলচ্চিত্রেও বেশ ব্যস্ত সময় পার করছেন অমিত হাসান। গত মার্চ মাসে তার অভিনীত সিনেমা ‘তুমি আছো তুমি নেই’ সিনেমাটি মুক্তি পেয়েছে। এছাড়াও তার হাতে এখন, 'সীমানা', 'ইয়েস ম্যাডাম', ' মাসুদ রানা' ও 'যন্ত্রনা'সহ বেশ কিছু ছবি আছে। 

Link copied!