আবারও আলোচনায় এসেছে নির্মাতা সঞ্জয় লীলা বানসালির স্বপ্নের প্রজেক্ট ‘ইনশা আল্লাহ’। সিনেমায় নায়িকা হিসেবে আলিয়া ভাটকে পছন্দ করলেও নায়ক হিসেবে রাখতে চেয়েছিলেন সালমান খানকে। কিন্তু এখন পর্যন্ত ঠান্ডা সম্পর্ক উষ্ণ হয়নি সালমান-সঞ্জয়ের। তাই নির্মাতার স্বপ্নের প্রজেক্টকে প্রত্যাখ্যান করেছেন সালমান। সেই জের ধরেই এক বছর পর নতুন করে নায়ক বাছাই করেছেন সঞ্জয় লীলা বানসালি।
একদিকে বলিউডের জনপ্রিয় অভিনেতা এবং ভাইজান সালমান খান। আরেকদিকে বলিউডের বিখ্যাত নির্মাতা সঞ্জয় লীলা বানসালি। দুইজন মিলে একসঙ্গে কাজ করেছেন ‘হাম দিল দে চুকে সানাম’ সিনেমায়। সেই সিনেমায় সালমানকে দেওয়া কথা রাখতে চেয়েছিলেন সঞ্জয়। কিন্তু সেই সিনেমায় তাদের সম্পর্কের যে অবনতি হয়েছিল তা এখন পর্যন্ত ঠিক হয়নি।
‘হাম দিল দে চুকে সানাম’ সিনেমায় সালমান চেয়েছিলেন শেষ দৃশ্যে ঐশ্বরিয়া তার সাথে হেটে যাবেন, অজয়ের সাথে নয়। কারন সেই সময় ঐশ্বরিয়ার সাথে প্রেম চলছিল সালমান খানের। কিন্তু তার কথায় রাজি হননি সঞ্জয়। গল্পে পরিবর্তন না করে চিত্রনাট্য অনুযায়ী সিনেমার শ্যুটিং শেষ করেছিলেন নির্মাতা। তবে বলেছিলেন সালমানের সাথে আরেকটি সিনেমা করবেন তিনি। কিন্তু সেই রেশ এখনও ভুলে যাননি সালমান। সিনেমার ২১ বছর কেটে গেলেও এখন পর্যন্ত কোন কাজ করেননি সঞ্জয়ের সাথে।
এটা প্রায় অনেকেরই জানা, সালমান খানের সাথে যাদের বন্ধুত্ব থাকে তাদের জন্য সে সব কিছুই করতে রাজি। কিন্তু যাদের সাথে তার শত্রুতা তৈরি হয় তাদের ক্যারিয়ার শেষ করে ছাড়েন তিনি। গায়ক অরিজিৎ সিং, অভিনেতা বিবেক ওবেরয় সহ এই তালিকায় আরও অনেকেই আছেন। প্রেমের সম্পর্ক বিচ্ছেদের পর ঐশ্বরিয়াকে অনেক সিনেমা থেকে সরিয়ে ছিলেন তিনি। এমনটাই করেছেন নির্মাতা সঞ্জয়ের সাথে। পুরোনো কথা না ভুলে সঞ্জয়ের স্বপ্নের প্রজেক্টকে মানা করে শোধ নিলেন তিনি।
সেই কারণেই আলিয়াকে নিয়ে এই নির্মাতা শুরু করেন ‘গাঙ্গুবাই কাঠিয়াওয়ার’ সিনেমার শ্যুটিং। তবে জানা গেছে, আবারও নিজের স্বপ্নের প্রজেক্ট ‘ইনশা আল্লাহ’-র কাজ শুরু করবেন তিনি। নায়িকা হিসেবে আগের থেকেই ঠিক করা আছে আলিয়া ভাটকে। এদিকে এক বছরের বিরতিতে তিনি নায়ক হিসেবে ঠিক করেছেন হৃতিক রোশনকে। ইতোমধ্যে প্রাথমিক কথা বার্তাও হয়ে গেছে হৃতিকের সাথে। তিনিও এই সিনেমা নিয়ে সমান ভাবে আগ্রহী।
সবকিছু ঠিকঠাক থাকলে ‘ইনশা আল্লাহ’ ছবির মাধ্যমে বানসালি এক নতুন জুটি উপহার দেবেন। এর আগে আলিয়া আর হৃতিক একসঙ্গে কোনো ছবিতে কাজ করেননি। জানা গেছে, বানসালির এই ছবিতে নায়কের বয়স পঞ্চাশোর্ধ্ব হওয়া চাই। তাই তিনি প্রথমে এই সিনেমার প্রধান চরিত্রে সালমান খানকে নির্বাচন করেছিলেন।