আসছে ২৩ ডিসেম্বর মুক্তি পেতে যাচ্ছে ফরিদুর রেজা সাগর প্রযোজিত ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেডের ছবি ‘পায়ের ছাপ। সাইফুল ইসলাম মান্নু পরিচালিত এই ছবিটি দেশের বেশ কয়েকটি সিনেমা হলে মুক্তি পাবে। ইমপ্রেস টেলিফিল্মের ফিল্ম কনসালটেন্ট আবু শাহেদ ইমন গণমাধ্যমকে ছবিটির মুক্তির খবর জানিয়েছেন। এ ছবিতে কেন্দ্রীয় নারী চরিত্রে অভিনয় করেছেন মেঘলা মুক্তা।

র্যাম্প মডেলিং দিয়ে ক্যারিয়ার শুরু করেছিল মেঘলা মুক্তা। বাংলাদেশের সীমানা পেরিয় ভারতের দক্ষিণীয় তেলেগু সিনেমায় অভিনয় করেছিলেন তিনি। শিভা গণেশ পরিচালিত ‘সাকালাকালাভাল্লাবুডু’ সিনেমায় মেঘলার বিপরীতে অভিনয় করেছিলেন তানিস্ক রেড্ডি। ২০১৯ সালে ভারতে মুক্তি পেয়েছিল এটি।

এবার বাংলাদেশি সিনেমায় প্রধান চরিত্রে অভিনয় করেছেন মেঘলা। ইমপ্রেস টেলিফিল্মের ব্যানারে ‘পায়ের ছাপ’ সিনেমায় দেখা যাবে তাকে। এটি পরিচালনা করেছেন সাইফুল ইসলাম মান্নু। নারীর সংগ্রাম ও সফলতার গল্পে নির্মিত হয়েছে সিনেমাটি।

সিনেমাটি নিয়ে দারুন আশাবাদী মেঘলা। গণমাধ্যমকে তিনি বলেন, ‘ইমপ্রেস টেলিফিল্ম সবসময় পরিচ্ছন্ন গল্পে চলচ্চিত্র নির্মাণ করে থাকে। সেই ধারাবাহিকতার নতুন প্রয়াস ‘পায়ের ছাপ। এতে আমাদের দেশের নারীর সংগ্রাম ও সফলতার গল্প তুলে ধরা হয়েছে। আমার বিশ্বাস, ছবিটি দর্শকরা পছন্দ করবেন এবং সাধারণ নারীরা এই ছবি দেখলে এগিয়ে যাওয়া অনুপ্রেরণা পাবেন।’

ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড সূত্রে জানা যায়, এরইমধ্যে সেন্সর বোর্ড থেকে প্রশংসা নিয়ে আনকাট ছাড়পত্র পেয়েছে 'পায়ের ছাপ'। এই ছবির মাধ্যমে তিনি ঢাকাই চলচ্চিত্রে অভিনেত্রী হিসেবে অভিষেক হতে চলেছেন। তাই 'পায়ের ছাপ'র মুক্তি উপলক্ষে মেঘলা মুক্তার উচ্ছ্বাসের কমতি নেই।

তিনি বলেন, ‘তেলেগু ইন্ডাস্ট্রি থেকে প্রথম নায়িকা হয়েছে এবার পায়ের ছাপ-এর মাধ্যমে অভিনেত্রী হিসেবে অভিষেক হতে যাচ্ছে। সেটা আমার ইমপ্রেস টেলিফিল্মের মতো প্রডাকশন হাউজের মাধ্যমে। কাজেই আমার মধ্যে ভীষণ উচ্ছ্বাস কাজ করছেন। দর্শকদের ফিডব্যাক পাওয়ার অপেক্ষায় আছি।’

মেঘলা মুক্তা জানান, একজন নারীর সংগ্রাম করে এগিয়ে যাওয়া গল্পে নির্মিত হয়েছে পায়ের ছাপ। বললেন, আমাদের সমাজে একজন নারীকে স্বপ্ন দেখে সেটি বাস্তবায়ন করার গল্পই পায়ের ছাপ। সাধারণ ঘরের একজন নারী স্বপ্ন দেখতে ভয় পায়। সেই ভয়কে জয় করে স্বপ্ন বাস্তবায়ন করা এবং পুরুষ শাসিত সমাজে টক্কর দিয়ে চমৎকার একটি জার্নির গল্প উঠে এসেছে পায়ের ছাপ-এ।

মেঘলা মুক্তা আরও বলেন, ‘নারীর শূন্য থেকে শিখরে যাওয়াই উঠে আসবে পায়ের ছাপ-এ। এখন ভালো গল্প ও মেকিংয়ের ছবি দেখতে দর্শক হলে যাচ্ছে। আমার বিশ্বাস, পায়ের ছাপ-ও একটি পরিপূর্ণ ছবি যা দর্শক পুরোটা সময় উপভোগ করতে পারবেন।’

‘পায়ের ছাপ’-এর কাহিনি, সংলাপ ও চিত্রনাট্য লিখেছেন নির্মাতা সাইফুল ইসলাম মান্নু। সংগীত পরিচালনা করেছেন ফুয়াদ নাসের বাবু ও শওকত আলী ইমন। এই ছবির দুটি গানে কণ্ঠ দেন ঝিলিক ও আতিয়া আনিশা। মেঘলা মুক্তা ছাড়াও আরও অভিনয় করেছেন দীপান্বিতা মার্টিন, প্রাণ রায়, দীপা খন্দকার, শিল্পী সরকার অপু, করভী মিজান, নরেশ ভূঁইয়া।