২৫ দিনেই বাজিমাত ‘নিষিদ্ধ প্রেমের গল্প’

দ্য রিপোর্ট ডেস্ক

ডিসেম্বর ২০, ২০২১, ১২:৩০ এএম

২৫ দিনেই বাজিমাত ‘নিষিদ্ধ প্রেমের গল্প’

গেল ২৫ নভেম্বর লাইভ রেডিও নামের ইউটিউব চ্যানেলে মুক্তি পায় ‘নিষিদ্ধ প্রেমের গল্প’। মুক্তির প্রথম থেকেই দারুণ সাড়া ফেলে ছবিটি।  সেই ধারাবাহিকতায় মুক্তির ২৫ দিনের মধ্যেই ১০ লাখ দর্শক ছবিটি দেখে ফেলেছেন।

এই অর্জনে উচ্ছ্বসিত ছবির পরিচালক রুবেল আনুশ। তিনি দর্শকদের ধন্যবাদ জানিয়ে বলেন, “আমার কৃতজ্ঞতার শেষ নেই দর্শকের প্রতি। তারা আমার সিনেমাটিকে ভালোবেসেছেন, দেখেছেন। অনেকে অনেক ভালো ভালো মন্তব্য করেছেন। যা আমার জন্য প্রেরণার। ছবিটি নিয়ে এতো দ্রুত এতো ভালো রেসপন্স আসবে ভাবতে পারিনি। সবাই বাংলাদেশি সিনেমার সঙ্গে থাকুন।”

তিনি আরও বলেন, “আমরা ছবিটি হলে আনতে চেয়েছিলাম। সেটা পারিনি। ওটিটি প্ল্যাটফর্মেও মুক্তি দিতে চেয়েছিলাম। কিন্তু কেউই সেন্সর ছাড়পত্র ছাড়া চালাতে রাজি নন। তাই ইউটিউবেই ছবিটি মুক্তি দিয়েছি। সেখান থেকে যে ফিডব্যাক তা সত্যি আমাকে ভালো কাজের জন্য সাহস যোগাচ্ছে।”

‘নিষিদ্ধ প্রেমের গল্প’ সিনেমায় প্রধান চরিত্রে অভিনয় করেছেন সিমলা ও মামুন। এছাড়াও আছেন মনিরা মিঠু, সোহেল খান, মোহাম্মদ সালমান, নোভাই নোভিয়া, মুনমুন আহমেদ মুন, আকাশ মেহেদি, একে আজাদ সেতু, শিমুল খান।

ছবির সংগীত পরিচালনা করেছেন সোহেল রাজ। প্রযোজনা করেছে আনুশ ফিল্মস। সহ-প্রযোজক রেড পিকচার্স।

Link copied!