‘অশ্লীল’ ছবি ও ভিডিও সরাতে পরীমনিকে নোটিশ

দ্য রিপোর্ট ডেস্ক

ডিসেম্বর ২৭, ২০২১, ০৭:০৩ পিএম

‘অশ্লীল’ ছবি ও ভিডিও সরাতে পরীমনিকে নোটিশ

সামাজিক যোগাযোগমাধ্যম থেকে আগামী ৩০ দিনের মধ্যে নিজের অশ্লীল ছবি ও ভিডিও সরানোর জন্য আইনি নোটিশ পাঠানো হয়েছে ঢালিউডের আলোচিত তারকা শামসুন্নাহার স্মৃতি ওরফে পরীমনিকে।

আজ (২৭ ডিসেম্বর) যৌথভাবে তার ঠিকানায় এ নোটিশ পাঠিয়েছেন বাংলাদেশ সুপ্রিম কোর্টের আইনজীবী খন্দকার হাসান শাহরিয়ার এবং ঢাকা জজ কোর্টের আইনজীবী ইসমাতুল্লাহ লাকী তালুকদার।

ওই নোটিশে লেখা হয়েছে, ৩০ দিনের মধ্যে সোশ্যাল মিডিয়ায় প্রচারিত পরীমনির সব ধরনের অশ্লীল ছবি ও ভিডিও অপসারণের প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণের পাশাপাশি ভবিষ্যতে সব ধরনের অশ্লীল সংলাপ, অভিনয়, অঙ্গভঙ্গি, নগ্ন বা অর্ধনগ্ন নৃত্য; যা চলচ্চিত্র, ভিডিও চিত্র, অডিও ভিজ্যুয়াল চিত্র, স্থিরচিত্র, গ্রাফিকস বা অন্য কোনো উপায়ে ধারণ করা ও প্রদর্শনযোগ্য এবং যার কোনো শৈল্পিক বা শিক্ষাগত মূল্য নেই, এসব করা থেকে সম্পূর্ণরূপে বিরত থাকার জন্য লিগ্যাল নোটিশ পাঠানো হয়েছে।

নোটিশ প্রসঙ্গে জানতে পরীমনি বলেন, “আমি এখনো নোটিশ হাতে পাইনি। পাওয়ার পর এ নিয়ে কথা বলতে পারব।”

Link copied!