‘আমি সিরাজের বেগম’ খ্যাত পল্লবী দে’র ঝুলন্ত দেহ উদ্ধার

দ্য রিপোর্ট ডেস্ক

মে ১৫, ২০২২, ০৪:০৮ পিএম

‘আমি সিরাজের বেগম’ খ্যাত পল্লবী দে’র ঝুলন্ত দেহ উদ্ধার

ভারতীয় বাংলা টেলিভিশনের জনপ্রিয় অভিনেত্রী পল্লবী দে মারা গেছেন। প্রেমিকের সঙ্গে তিনি যে ফ্ল্যাটে থাকতেন, সেখান থেকেই তার ঝুলন্ত মরদেহ উদ্ধার করা হয়েছে। পল্লবীর আকস্মিক মৃত্যুর খবরে শোকাহত তার সহকর্মীরা।

তবে পল্লবীর পরিবারের দাবি, আত্মহত্যা নয়, খুন করা হয়েছে তাদের মেয়েকে। যদিও নির্দিষ্ট কোনও নাম তাঁরা বলতে চাননি। অপেক্ষা করছেন ময়নাতদন্তের রিপোর্টের জন্য।

এদিকে মৃত্যুর ঘণ্টাখানেক আগেও নেটমাধ্যমে সক্রিয় ছিলেন পল্লবী। গড়ফার ফ্ল্যাটে এই অভিনেত্রীকে ঝুলন্ত অবস্থায় উদ্ধার করেন তার সঙ্গী। এরপর তিনি পুলিশে খবর দেন। পুলিশ এসে পল্লবীর দেহ উদ্ধার করে হাসপাতালে নিয়ে যায়। কী কারণে তাঁর মৃত্যু, সেটি তদন্ত করছে পুলিশ।

অভিনেত্রী পল্লবী দে লিভ-ইন সম্পর্কে ছিলেন। আনন্দবাজার, হিন্দুস্তান টাইমসসহ বেশ কয়েকটি ভারতীয় গণমাধ্যমের খবরে বলা হয়, কিছু দিন আগে দু’জনে গড়ফার একটি বাড়ি ভাড়া নিয়ে থাকতে শুরু করেছিলেন পল্লবী ও তার বয়ফ্রেন্ড। পল্লবীর বয়ফ্রেন্ড একটি বেসরকারি সংস্থায় কাজ করেন। তিনি পুলিশকে জানিয়েছেন, রবিবার সকালে সিগারেট খেতে বাইরে গিয়ে ফিরে এসে দেখেন দরজা ভিতর থেকে বন্ধ। পরে দরজা ভেঙে ভিতরে ঢুকে তিনি পল্লবীর ঝুলন্ত দেহ দেখতে পান। তিনিই পুলিশে খবর দেন।

পুলিশ সূত্রের খবর, শনিবার ও রবিবার দু’জনের মধ্যে কথাকাটাকাটি হয়েছিল। তবে কী নিয়ে কথা কাটাকাটি হয়, তা খতিয়ে দেখছে পুলিশ। তবে এখনও পর্যন্ত ঘরের ভিতর থেকে কোনও সুইসাইড নোট উদ্ধার হয়নি বলে পুলিশ জানিয়েছে পল্লবীর ফেসবুক প্রোফাইল বলছে, ২০২১-এর ১৯ জুলাই তাঁর সম্পর্কের স্টেটাস ছিল ‘ইন আ রিলেশনশিপ’।

‘আমি সিরাজের বেগম’ ধারাবাহিকে সিরাজের স্ত্রী লুৎফা-র চরিত্রে অভিনয় করেছিলেন পল্লবী। এই চরিত্রের জন্য তিনি জনপ্রিয়ও হয়ে ওঠেন। তার আগে প্রসঙ্গত ‘রেশম ঝাঁপি’ ধারাবাহিকেও তাঁকে গুরুত্বপূর্ণ চরিত্রে দেখা গিয়েছিল। টলিউডে পল্লবীর যাত্রা খুব বেশি দিন হয়নি। ‘কুঞ্জছায়া’ নামে একটি ধারাবাহিকেও তিনি অভিনয় করেছিলেন।  ‘আমি সিরাজের বেগমে’র মতো ধারাবাহিকে অভিনয় করে প্রশংসা কুড়িয়েছেন পল্লবী। বর্তমানে ‘মন মানে না’ নামে একটি ধারাবাহিকের মুখ্য চরিত্রে অভিনয় করছিলেন তিনি।

এই ধারাবাহিকে তিনি নায়িকার চরিত্রে অভিনয় করছিলেন। মুখ্য চরিত্রে অভিনয় করছেন অভিনেতা শ্যাম। তাঁর বিপরীতে  অভিনেত্রী পল্লবী দে।

বেসরকারি টেলিভিশন চ্যানেল কালার্স বাংলায় চলছে এই সিরিয়ালটি। চ্যানেল কর্তৃপক্ষ জানায়,মপল্লবী একদম স্বাভাবিক ভাবেই বৃহস্পতিবার পর্যন্ত শ্যুট করেছেন। তার পর কী ভাবে এই মর্মান্তিক ঘটনা ঘটল, বুঝতে পারছে না কেউ। অভিনেত্রীকে বৃহস্পতিবার দেখেও কেউ কিচ্ছু বুঝতে পারেননি বলেই দাবি করেন চ্যানেল কর্তৃপক্ষ।

Link copied!