বাংলাদেশের গুণী নির্মাতা সোহানুর রহমান সোহান। তার হাত ধরেই ‘কেয়ামত থেকে কেয়ামত’ ছবির মধ্যদিয়ে ক্যারিয়ার শুরু করেন ঢাকাই সিনেমার অমর নায়ক সালমান শাহ। তবে ঢালিউডের জনপ্রিয় অভিনেতা আরিফিন শুভকে বেয়াদব বলেছেন তিনি। সম্প্রতি একটি ভিডিও সাক্ষাৎকারে তিনি জানিয়েছেন, শুভ নাকি তার সাথে বেয়াদবি করেছেন।
সম্প্রতি বাংলাদেশ চলচ্চিত্র পরিচালক সমিতির সভাপতি হয়েছেন নির্মাতা সোহানুর রহমান সোহান। দীর্ঘ সময় ধরে অসংখ্য ব্যবসা সফল সিনেমা নির্মাণ করেছেন তিনি। কিন্তু এই নির্মাতা এবার রেগে আছেন অভিনেতা আরিফিন শুভ’র উপর। অভিযোগ করে তিনি বলেন, তিনি শুভকে নিয়ে ‘জেদী’ নামে একটি সিনেমার শ্যুটিং শুরু করেছিলেন। কিন্তু নির্মাতার অসুস্থতার কারণে মাঝপথে বন্ধ হয়ে যায় সিনেমার শ্যুটিংয়ের কাজ।
এ নিয়ে পরিচালক সোহান বলেন, ‘এই ইন্ডাস্ট্রিতে চরম বেয়াদব ও চরম খারাপ একজনকে পেয়েছি। যে হলো আরিফিন শুভ। তার জন্য আমার একটি ছবি শেষ করতে পারিনি। কারণ আমি তখন অসুস্থ ছিলাম। তাই পাঁচদিন পর শুটিং বন্ধ করে দিয়েছি। সুস্থ হওয়ার পর শুভকে ফোন দিয়ে শুটিং শুরু করতে চাইলে সে জানান, আমার নাকি শিডিউল শেষ হয়ে গেছে। বললাম, আমি তো অসুস্থ ছিলাম, তা তো তুমি জানতে। শুভ বললো, আমি অসুস্থ তাতে তার কী! তার এমন আচরণে আমি অনেক কষ্ট পেয়েছি। ওর জন্য আমার একটা ছবি হয়নি আর এত বাজে একটা কথা শুনতে হয়েছে। শুভ এই কথাটি আমি সারাজীবন মনে রাখবো।’
এছাড়াও আরিফিন শুভ’র কাজ নিয়ে এই নির্মাতা আরও বলেন, ‘আমি কারও কোনো ক্ষতি করতে চাই না। সে যতদিন ইন্ডাস্ট্রিতে থাকবে, ইন্ডাস্ট্রির ক্ষতি হবে। কারণ ওর একটা ছবিও চলে না। ওর একটা ছবিই শুধু চলেছে “ঢাকা অ্যাটাক”। আমি বেঁচে থাকতে ওর সঙ্গে কোনো ছবি করবো না।’
এই পুরো বিষয় নিয়ে মুখ খুলতে রাজি নন আরিফিন শুভ। তবে অভিনেতা শুভ বলেছেন , ‘এটা অনেক আগের ছবি। ৭-৮ বছর তো হবেই। উনি আমার গুরুজন। আমার কাছে খুবই সম্মানীয় ব্যক্তি। গুরুজনের মুখের উপর কোনও কথা বলার শিক্ষা আমি পাইনি।’