‘কিসি কা ভাই কিসি কি জান’ জমাতে পারলেন না সালমান খান!

দ্য রিপোর্ট ডেস্ক

এপ্রিল ২৩, ২০২৩, ১২:০৯ এএম

‘কিসি কা ভাই কিসি কি জান’ জমাতে পারলেন না সালমান খান!

এবার ঈদ উপলক্ষে মুক্তি পেয়েছে বলিউড সুপারস্টার সালমান খান অভিনীত হিন্দি চলচ্চিত্র ‘কিসি কা ভাই কিসি কি জান’। প্রায় চার বছর অপেক্ষার পর সালমান ভক্ত ও অনুরাগীরা প্রিয় ভাইজানকে বড়পর্দায় দেখছেন। একারণে উত্তেজনা প্রথম থেকেই ছিল তুঙ্গে। এছাড়া, বিশাল স্টারকাস্ট সমেত এই ছবির প্রচারপর্বও চলেছে জমিয়ে। প্রথম দিনে বক্স অফিসে কেমন লাভের মুখ দেখল এই ছবি? কী বলছে ব্যবসার খাতা?

প্রথম দিনের আয় ৫০ কোটির অর্ধেকও পেরোতে পারেনি সল্লুর ‘কিসি কা ভাই কিসি কি জান’। বলিউডের আরেক খান শাহরুখ খান অভিনীত ‘পাঠান ‘ চলচ্চিত্রটি যেখানে মুক্তির প্রথম দিনই আয় করে ৫৭ কোটি টাকা সেখানে সালমান খানের‘ কিসি কা ভাই কিসি কি জান’ ছবিটি তার ধারের কাছেও যেতে পারেনি। বলিউড চলচ্চিত্র বিষয়ক গবেষক ও বিশেষজ্ঞ তরুণ আদর্শের টুইট অনুযায়ি, বলিউডের মোস্ট এলিজ্যাবেল ব্যাচেলর সালমানের ঈদ স্পেশাল রিলিজের আয় ১৫ কোটি ৮১ লাখ টাকা। এটি  আপাতদৃষ্টিতে খুব খারাপ না হলেও সালমান খানের সিনেমা হিসেবে (তাও আবার ইদ রিলিজ) অনেকটা হতাশাজনক-এটা বলার অপেক্ষা রাখে না।  

বাণিজ্য বিশ্লেষক তরণ আদর্শ টুইটে লিখেছেন, ‘#KisiKaBhaiKisiKiJaan ১ম দিনে অপ্রতিরোধ্য। আরও বেশি যখন কেউ এটিকে ২০১০ থেকে ২০১৯ সাল পর্যন্ত সলমন খানের ইদ রিলিজের সাথে তুলনা করে। মেট্রো সিটিতে দুর্বল, মাসপকেটে ভালো, কিন্তু দুর্দান্ত নয়। আজ (ইদে) ছবিকে ব্যবসা বাড়াতে লাফ দিতেই হবে। শুক্র ১৫.৮১ কোটি। ’

দক্ষিণী চলচ্চিত্র ‘বীরম’-এর অনুপ্রেরণায় তৈরি সালমন খানের ‘কিসি কা ভাই কিসি কি জান’ ছবিটির প্রযোজক সালমান খান নিজেই। প্রখ্যাত  চিত্রনাট্যকার সাজিদ নাদিয়াদওয়ালার চিত্রনাট্যে ২ ঘণ্টা ২৪ মিনিট দৈর্ঘের ছবিটি পরিচালনা  করেছেন ফারহাদ শামজি। রোম্যান্স, অ্যাকশন, দুষ্টের দমন আর দেশপ্রেমে ভরপুর এই ছবিতে সালমানের বিপরীতে অভিনয় করেছেন দক্ষিনী চলচ্চিত্রের জনপ্রিয় অভিনেত্রী পূজা হেগড়ে। সাথে আছেন  তারকা ভেঙ্কটেশ, ভূমিকা চাওলা, জগপতিবাবু, রাঘব জুয়েল, সিদ্ধার্থ নিগম, জসসি গিল, শেহনাজ গিল ও পলক তিওয়ারি।

শাহরুখ খানের ‘পাঠান’ সিনেমা মুক্তি পায় চলতি বছরের ২৫ জানুয়ারি। সিনেমা হলে মুক্তি পাওয়ার প্রথম দিনের আয় ছিল ১০৬ কোটি রুপি। যার মধ্যে দেশে ‘পাঠান’ মোট ৫৭ কোটি রুপির ব্যবসা করে। ৫৫ কোটি রুপি হিন্দি ভার্সানের মাধ্যমে আয় হয়েছে। আর ডাবিং ভার্সানের আয় ২ কোটি রুপি। শাহরুখ খানের কামব্যাক ছবির বাজেট ছিল প্রায় ২২৫ কোটি টাকা। এখনও পর্যন্ত ছবির মোট আয় ১০৫০ কোটি। অন্যদিকে ‘কিসি কা ভাই কিসি কি জান’-এর বাজেট ১২০ কোটি রুপি।

 

ইদে সালমান খানের ছবি প্রায় বাঁধাধরা। সেক্ষেত্রে প্রথম দিনের আয়ের নিরিখে ভাইজানের সবেচেয়ে সফল ছবি ‘ভারত’। এবার দেখা যাক সালমান খানের কোন ছবি (ইদ রিলিজ) মুক্তির দিনে কত টাকার ব্যবসা করেছে?

ভারতীয় চলচ্চিত্র বিষয়ক ম্যাগাজিন স্টারডাস্টের এক প্রতিবেদনে বলা হয়, সালমান খান ২০০৯ সালে ঈদ উপলক্ষ্যে প্রথমবারের মতো সিনেমা হলে ছবি মুক্তি দেওয়া শুরু করেন ‘ওয়ান্টেড ‘ দিয়ে।  এই ছবির প্রথম দিনের আয় ছিল ৫ কোটি ১০ লাখ রুপি। এরপর ২০১০ সালে দাবাং প্রথম দিনে আয় করে ১৪ কোটি ৫০ লাখ রুপি। ওই সময়ে সবচেয়ে বেশি উপার্জিত প্রথম দিনের তকমাও এসেছিল এই ছবির ঝুলিতে। ২০১১ সালে আসে রোম্যান্টিক-কমেডি বডিগার্ড মুক্তির প্রথম দিনে আয় করে ২১ কোটি রুপি। ২০১২ সালে এক থা টাইগার দিয়ে সলমনের ছবি প্রথম দিনে আয় করে ৩২ কোটি ৯২ লাখ রুপি। ওই সময়ের সর্বোচ্চ ওপেনারের খেতাব ফের যায় সালমান খানের কাছে। 

২০১৪ সালে ‘কিক’ প্রথম দিনে আয় করে ২৬ কোটি। এরপর ২০১৫-এর বজরঙ্গি ভাইজানের প্রথম দিনের আয় হয় ২৭ কোটি ১৫ লাখ রুপি। রেকর্ড ভাঙার প্রবণতা অব্যাহত ছিল ২০১৬ সালেও। যা প্রথম দিনেই ৩৬ কোটি ৫৪ লাখ রুপি সংগ্রহ করেছিল। ২০১৭ সালে টিউবলাইট ২১ কোটি ১৫ লাখ রুপি সংগ্রহের সঙ্গে খাতা খুলেছিল। ২০১৮ সালে রেস ৩ এর উদ্বোধনী দিনের আয় ছিল ২৯ কোটি ১৭ লাখ রুপি। এই দুটি সিনেমাই সলমন খানের কেরিয়ারের সবচেয়ে বড় দুটি ফ্লপ। ২০১৯ সালে ইদে মুক্তিপ্রাপ্ত ‘ভারত’-এর আয় ছিল সালমানের কেরিয়ারের সর্বোচ্চ, ৪২ কোটি ৩০ লাখ রুপি। এই ছবিটিও আয়ের দিক দিয়ে পাঠানের কাছে পৌঁছতে পারেনি।

Link copied!