‘কেজিএফ চ্যাপ্টার ২’: মুক্তির আগেই বাজিমাত

দ্য রিপোর্ট ডেস্ক

এপ্রিল ১০, ২০২২, ১১:৩৬ পিএম

‘কেজিএফ চ্যাপ্টার ২’: মুক্তির আগেই বাজিমাত

অতীতের সব রেকর্ড ভেঙেছে ‘কেজিএফ: চ্যাপ্টার ২’। সিনেমাটি মুক্তির দিনের জন্য ৪৮ ঘণ্টার মধ্যে অগ্রিম টিকিট বুকিং দিয়ে সংগ্রহ করেছে ৭ কোটি রুপিরও বেশি। ধারণা করা হচ্ছে, মহামারির সময়ে ‘কেজিএফ: চ্যাপ্টার ২’ হিন্দি বেল্টে বক্স অফিসে প্রথম ৩০০ কোটি আয়ের সিনেমা হতে যাচ্ছে।

বলিউড হাঙ্গামার প্রতিবেদনে এ তথ্য জানা গেছে। আগামী ১৪ এপ্রিল ভারতের প্রেক্ষাগৃহে মুক্তি পাবে ‘কেজিএফ: চ্যাপ্টার ২’।

মুক্তির আগের দিন বুধবার নাগাদ অগ্রিম ১৫ কোটি রুপির বেশি আয় করবে বলে ধারণা করা হচ্ছে।

বহুল প্রতীক্ষিত এই সিনেমার জন্য তিন বছরেরও বেশি সময় ধরে অপেক্ষা করছে দর্শক। গত ২৭ মার্চ প্রকাশ্যে আসে ‘কেজিএফ: চ্যাপ্টার ২’-এর ট্রেলার। ট্রেলারেই স্পষ্ট রেকর্ড ভাঙার ইঙ্গিত। ২ মিনিট ৫৬ সেকেন্ডের ট্রেলারটির পুরোটা জুড়েই অ্যাকশন।

এর আগে ২০১৮ সালে মুক্তি পায় সিনেমার প্রথম কিস্তি ‘কেজিএফ: চ্যাপ্টার ওয়ান’। মূল ভূমিকায় দক্ষিণী সুপারস্টার যশকে দেখা যাবে। আরও রয়েছেন শ্রীনিধি শেঠি, সঞ্জয় দত্ত, রাবিনা ট্যান্ডনের মতো অভিনয়শিল্পীরা।

Link copied!