মার্চ ৯, ২০২৩, ০৫:৪৩ পিএম
হৃদরোগে আক্রান্ত হয়ে মৃত্যুবরণ করেছেন বলিউডের প্রখ্যাত অভিনেতা ও পরিচালক সতীশ কৌশিক। মৃত্যুকালে সতীশের বয়স হয়েছিল ৬৬ বছর।
বৃহস্পতিবার (৯ মার্চ) ভোরে তিনি শেষ নিঃশ্বাস ত্যাগ করেন।
সামাজিক যোগাযোগ মাধ্যম টুইটারে কৌশিকের মৃত্যুর বিষয়টি জানিয়ে সতীশ কৌশিকের বন্ধু অভিনেতা অনুপম খের লেখেন, ‘৪৫ বছরের বন্ধুত্বে ফুল স্টপ। তোমায় ছাড়া জীবন আর আগের মতো থাকবে না সতীশ। ওম শান্তি।’

তিনি আরও লেখেন, আমি জানি, জীবনের সবচেয়ে বড় সত্য মৃত্যু। কিন্তু আমি কখনও ভাবিনি আমার প্রিয় বন্ধুর জন্য কোনোদিন আমাকে এটা লিখতে হবে।

পরিচালনা ও অভিনয় দুটিই দারুণভাবে করেছেন সতীশ। মিস্টার ইন্ডিয়া চলচ্চিত্রে তাঁর অভিনয় সবার নজর কাড়ে।

দুদিন আগেই জনপ্রিয় গীতিকার জাভেদ আখতার আয়োজিত হোলির উৎসবেও হাজির হয়েছিলেন তিনি।
ভারতীয় গণমাধ্যম থেকে জানা যায়, হঠাৎই শারীরিক অবস্থার অবনতি হয় সতীশের। দ্রুত দিল্লিতে হাসপাতালে নিয়ে আসার পথে হৃদরোগে আক্রান্ত হয়ে চলে গেলেন ‘তেরে নাম’ খ্যাত পরিচালক সতীশ কৌশিক।