‘ফারায’ সিনেমা না বানাতে আইনি নোটিশ

দ্য রিপোর্ট ডেস্ক

আগস্ট ১৩, ২০২১, ০৮:১৩ পিএম

‘ফারায’ সিনেমা না বানাতে আইনি নোটিশ

গুলশানের হলি আর্টিজান জঙ্গি হামলার ঘটনা নিয়ে  বলিউডে ‘ফারায’ সিনেমাটি না বানাতে টি-সিরিজকে আইনি নোটিশ পাঠিয়েছে বাংলাদেশের অবিন্তা কবীর ফাউন্ডেশন। সম্প্রতি বাংলাদেশ সুপ্রিম কোর্টের আইনজীবী মিতি সানজানা স্বাক্ষরিত এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়েছে।

বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, সম্প্রতি ভারতের বিখ্যাত চলচিত্র নির্মাতা হানসাল মেহেতা ২০১৬ সালের ১ জুলাই বাংলাদেশের হলি আর্টিজানের মর্মান্তিক জঙ্গি হামলা নিয়ে ‘ফারায’ নামে একটি চলচিত্র নির্মাণের ঘোষণা দিয়েছেন। এই চলচ্চিত্রটি ভারতের বিখ্যাত নির্মাতা ভূষণ কুমারের প্রযোজনা সংস্থা টি-সিরিজ থেকে প্রযোজনা করা হবে বলে জানা গেছে। এর সঙ্গে সহকারী প্রযোজক হিসেবে আছেন আরেক বিখ্যাত প্রযোজক অনুভব সিনহা। এই সিনেমার কেন্দ্রীয় চরিত্রে অভিনয় করবেন প্রয়াত শশি কাপুরের দৌহিত্র জাহান কাপুর, এমন একটি ঘোষণাও তারা দিয়েছেন।

‘অবিন্তা কবির ফাউন্ডেশন' এর প্রতিষ্ঠাতা এবং সাধারণ সম্পাদক মিসেস রুবা আহমেদ ল-ফার্ম লিগ্যাল কাউন্সেল থেকে টি-সিরিজ/ভূষণ কুমার, হানসাল মেহেতা এবং অনুভব সিনহাকে গত বৃহস্পতিবার একটি লিগ্যাল নোটিশ প্রেরণ করে।

মিসেস রুবা আহমেদ হলি আর্টিজানের মর্মান্তিক দুর্ঘটনায় তার একমাত্র সন্তান মরহুমা অবিন্তা কবিরকে হারিয়েছেন। অবিন্তা কবির ছিলেন তাদের একমাত্র সন্তান এবং তার বেদনাদায়ক মৃত্যু তার পরিবারের সদস্যদের জীবনকে নিদারুণভাবে ক্ষতিগ্রস্ত করেছে এবং তারা প্রচণ্ড মানসিক যন্ত্রণার মধ্যে দিনযাপন করছেন। সকলের কাছে যা কেবল একটি নির্মম হত্যাকাণ্ড, তা অবিন্তার মা এবং তার পরিবারের জন্য এক চরম দুর্ভাগ্য এবং নির্মম সত্য, যা তারা প্রতিনিয়ত দুঃখ ভারাক্রান্ত হৃদয়ে বয়ে চলেছেন। হলি আর্টিজানকে কেন্দ্র করে কোনো রূপ মিডিয়া নির্মাণের মাধ্যমে সেসব ঘটনা আবার জনগণের মাঝে প্রচার করলে, তা কেবল সেই দুর্ঘটনার করুণ এবং কষ্টদায়ক স্মৃতিগুলোকেই আবার জাগিয়ে তুলবে, যা অবিন্তার মা এবং তার পরিবার প্রতিনিয়ত ভুলে থাকার জন্য সংগ্রাম চালিয়ে যাচ্ছেন।‘

২০১৬ সালের ১ জুলাই কয়েকজন জঙ্গির আক্রমণে হলি আর্টিজানে জাপান, ইতালি ও ভারতের ১৭ জন নাগরিক মৃত্যুবরণ করেন। দুজন পুলিশ কর্মকর্তাসহ বাংলাদেশের কয়েকজন মানুষকেও প্রাণ দিতে হয়েছিল ওই হামলায়। জঙ্গি-সন্ত্রাসীদের হাতে প্রাণ হারানোদের মিসেস রুবা আহমেদ এর মেয়ে একজন। ওই হামলার পর আতঙ্ক ও শোকে স্তব্ধ হয়ে যায় গোটা জাতি। নেমে এসেছিল কালো বিষাদের ছায়া। এই হামলার পরে বাংলাদেশের আইনশৃঙ্খলা বাহিনীর সাহসী তৎপরতার কারণে সমাজ থেকে সমূলে জঙ্গিবাদ নির্মূল করা সম্ভব হয়েছে এবং বাংলাদেশ দ্রুততম সময়ে হলি আর্টিজান হামলার বিচার করে বিশ্বে জঙ্গিবাদের বিরুদ্ধে কঠোর অবস্থান নিশ্চিত করেছে।

গত ৫ আগস্ট টি-সিরিজের ব্যানারে গুলশানের হলি আর্টিসান বেকারিতে হামলার ঘটনা নিয়ে নির্মিত সিনেমা ফারজ সিনেমাটির মোশন পোস্টার প্রকাশ করে। প্রায় তিন বছর ধরে ‘ফারাজ’ সিনেমাটি নির্মাণের পরিকল্পনা করেছিলেন হানসাল মেহতা। কাজটি শুরু করতে পেরে উচ্ছ্বসিত তিনি। সিনেমায় নাম ভূমিকায় অভিনয় করবেন জাহান কাপুর।

Link copied!