বলিউডে ঝড় তুলেছে শাহরুখ-দীপিকার ‘পাঠান’ ছবির প্রথম গান ‘বেশরম রং’। দর্শকদের মধ্যে এ নিয়ে মিশ্র প্রতিক্রিয়া দেখা যাচ্ছে। প্রশংসায় পঞ্চমুখ হচ্ছেন কেউ। কেউ বা আবার দিচ্ছেন বয়কটের ডাক। সামাজিক যোগাযোগ মাধ্যমে শুরু হয়েছে ‘বয়কট পাঠান’ ট্রেন্ড।

‘পাঠান’ ছবির প্রথম গানটির অধীর অপেক্ষায় ছিলেন শাহরুখ-দীপিকার ভক্তরা। অপেক্ষার অবসান ঘটিয়ে সোমবার প্রকাশ্যে আসে ‘বেশরম রং’। দীপিকা-শাহরুখের ‘বেশরম’ লুক দেখে তোলপাড় নেটদুনিয়া।
এর মধ্যেই নেটদুনিয়ার একাংশ গানের দৃশ্য শেয়ার করে ছবি বয়কটের ডাক দিয়েছে।
‘বয়কট পাঠান’ হ্যাশট্যাগ দিয়ে লেখা হয়েছে, পাঠান ছবিতে তোতলাটা নায়িকাকে গেরুয়া রঙের পোশাক পরিয়েছে আর গানের নাম দিয়েছে ‘বেশরম রং’।

এই টুইট শেয়ার করেই আবার বিশ্ব হিন্দু পরিষদের নেত্রী সাধ্বী প্রাচী পুরো ভারতবর্ষেই ছবিটি বয়কটের ডাক দিয়েছেন।
অনেকে আবার দীপিকার সাথে তাঁর স্বামী রণবীর সিংয়ের নগ্ন ফটোশুটের কার্টুন শেয়ার করেও ব্যঙ্গ করেছেন। গোটা বলিউডকে ছবিটি বয়কট করার ডাকও দেওয়া হয়েছে।