৪ বছর পর ‘পাঠান’ সিনেমার মাধ্যমে বলিউডের বাদশাহ আসবেন পর্দায়। অনেক দিনের অপেক্ষা ভক্তদের। অপেক্ষার উন্মাদনা বাড়িয়ে দিলো ছবির প্রথম গান ‘বেশরম রং’। গানে শাহরুখ-দীপিকার রসায়নে ডুবে গেছে বলিউডপ্রেমীরা। বলিউডে আলোড়ন এনে দিয়েছে গানটি।
সমুদ্রের ওপর ইয়টে শত মানুষের মাঝে ‘হামে তো লুট লিয়া ইশকওয়ালো নে..’ গানে দীপিকার আবেদনময়ী লুক ও চাহনি যেন শুধু শাহরুখ নয়, বেশরম করে দিয়েছে দর্শকদেরও।
দীপিকাকে দেখে যে কারও মনে শাহরুখ-দীপিকার ‘ওম শান্তি ওম’ ছবির গান ‘আখো মে তেরি আজবসি আজবসি আদায়ে’ গানটি মনে পড়বে। বেশরম রঙে দীপিকা চোখের আবেদনের সাথে শরীরের আবেদনে চমকে দিয়েছেন সবাইকে।

অন্যদিকে বুকখোলা শার্ট আবার কখনো শার্টলেস হয়ে এইট প্যাক অ্যাবস দেখানো; ঘাড় ছাড়িয়ে লম্বা চুলে ঝুঁটি আবার কখনো খোলা- ৫৭ বছর বয়সী বলিউড বাদশাহর নতুন এই রূপ থেকে নজর যেন সরছেই না দর্শকদের।

শাহরুখ তাঁর নতুন রূপের আগুনে পুড়িয়ে দিয়েছেন সবাইকে। ইউটিউবে ইয়াশ রাজ ফিল্মসে গানটির ভিডিও এবং সামাজিক গণমাধ্যমে গানটি শেয়ার করে রোমান্সের রাজার দেয়া পোস্টে ভক্তদের কমেন্টগুলো তা ই বলে।

‘মানওয়া লাগে’, ‘কন্যাকুমারী’ গানের মতো মিষ্টি শান্ত প্রেমে যেমন শাহরুখ-দীপিকা জুটি অনবদ্য তেমনি ‘বেশরম রং’ গান দিয়ে রসায়নের সব উপাদানে আগুন লাগিয়ে দিলেন তাঁরা। এই গান দেখার পর তো আবারও শাহরুখ-দীপিকার রোমান্সে ডুবতে বেশরমের মতো অপেক্ষায় থাকবে সবাই!

কুমারের লেখা ‘বেশরম রং’-এ সুর দিয়েছেন বিশাল এবং শেখর। কণ্ঠ দিয়েছেন শিল্পা রাও, ক্যারালিসা মন্টিরো, বিশাল এবং শেখর। হিন্দিসহ তামিল ও তেলেগু ভাষাতে মুক্তি পেয়েছে গানটি। স্প্যানিশ লিরিক্স লিখেছেন বিশাল দাদলানি। আর কোরিওগ্রাফিতে ছিলেন বৈভাবী মার্চেন্ট।

‘জিরো’তে জিরো মাপের অভিনয়ের চার বছর পর বড় পর্দায় ‘পাঠান’ হয়ে কামব্যাক করছেন শাহরুখ খান। দেশের জন্য সবকিছু করতে প্রস্তুত গুপ্তচর পাঠানের একমাত্র ধ্যান-জ্ঞান নিজের দেশ ভারতকে রক্ষা করা। ২০২৩ সালের ২৫ জানুয়ারি হিন্দি, তামিল এবং তেলেগু ভাষায় প্রেক্ষাগৃহে মুক্তি পাবে এই ছবি। সিদ্ধার্থ আনন্দের পরিচালনায় রোমান্সের রাজার অ্যাকশন সিন দেখার জন্য অপেক্ষায় প্রহর গুণছে দর্শক।