‘মিয়া ভাই এখন ভালো আছেন, কথা বলছেন’

দ্য রিপোর্ট ডেস্ক

সেপ্টেম্বর ২৯, ২০২১, ০৯:৪৬ পিএম

‘মিয়া ভাই এখন ভালো আছেন, কথা বলছেন’

সিংগাপুরের একটি হাসপাতালে চিকিৎসাধীন বাংলাদেশের চলচ্চিত্রে ‘মিয়া ভাই’খ্যাত জনপ্রিয় অভিনেতা ও ঢাকা-১৭ আসনের সংসদ সদস্য আকবর হোসেন পাঠান ফারুকের শারিীরিক অবস্থা এখন উন্নতির দিকে। তিনি এখন কথা বলতে পারছেন। সিঙ্গাপুর থেকে গণমাধ্যমকে খবরটি নিশ্চিত করেছেন তার স্ত্রী ফারহানা পাঠান।

ফারহানা পাঠান জানান, ‘‘আপনাদের মিয়া ভাই এখন ভালো আছেন, কথা বলছেন। তার শারীরিক অবস্থা আগের চেয়ে অনেক ভালো। এখন তিনি কথা বলতে পারেন। তার চিকিৎসা কার্যক্রম দীর্ঘ মেয়াদি। একটু একটু করে সুস্থ হচ্ছেন। তার জন্যে দোয়া করবেন সবাই।’

সিংগাপুরের একটি হাসপাতালে চিকিৎসাধীন চিত্রনায়ক ফারুকের সুস্থতার জন্য দোয়া চাইলেন স্ত্রী ফারহানা পাঠান। ছবি: সংগৃহীত 

গত বছরের অক্টোবর মাসের শেষের দিকে সিঙ্গাপুর থেকে চিকিৎসা শেষে দেশে ফেরেন অভিনেতা ফারুক। নিয়মিত চেকআপের জন্য চলতি বছরের গত ১৩ মার্চ স্ত্রী ফারহানা পাঠানকে সঙ্গে নিয়ে সিঙ্গাপুরে গেলে সেখানেই হঠাৎ করে অসুস্থ হয়ে পড়েন তিনি। গত ২১ মার্চ থেকে আইসিইউতে আছেন বাংলা সিনেমার কিংবদন্তি এই অভিনেতা।

১৯৪৮ সালে ঢাকায় জন্ম নেওয়া ফারুক একজন ভার্সেটাইল অভিনেতার পাশাপাশি চলচ্চিত্র প্রযোজক, ব্যবসায়ী ও রাজনীতিবিদ হিসেব্ওে সুনাম কুড়িয়েছেন।

ফারুক ১৯৭১ সালে এইচ আকবর পরিচালিত জলছবি চলচ্চিত্রে অভিনয়ের মাধ্যমে বাংলা চলচ্চিত্রে আগমন করেন। তার বিপরীতে নায়িকা হিসেবে প্রয়াত অভিনেত্রী কবরী অভিনয় করেন। ১৯৭৩ সালে খান আতাউর রহমান পরিচালিত আবার তোরা মকানু হ, ১৯৭৪ সালে নারায়ণ ঘোষ মিতা পরিচালিত আলোর মিছিল দুটি মুক্তিযুদ্ধ ভিত্তিক চলচ্চিত্রে পার্শ্ব চরিত্রে অভিনয় করেন। ১৯৭৫ সালে গ্রামীণ পটভূমিতে নির্মিত সুজন সখী ও লাঠিয়াল দুটি  ব্যবসাসফল ও আলোচিত চলচ্চিত্রে অভিনয় করেন। ওই বছর লাঠিয়াল চলচ্চিত্রে অভিনয়ের জন্য সেরা পার্শ্ব চরিত্রে অভিনেতা হিসেবে জাতীয় চলচ্চিত্র পুরষ্কার লাভ করেন।

বাংলা সিনেমার অন্যতম জনপ্রিয় এ অভিনেতা ২০১৮ সালের ৩০ ডিসেম্বর জাতীয় নির্বাচনে ঢাকা-১৭ আসন থেকে আওয়ামী লীগের প্রার্থী হিসেবে নির্বাচন করে জয়লাভ করেন।

Link copied!