জিনাত বরকতুল্লাহ মারা গেছেন

শোবিজ ডেস্ক

সেপ্টেম্বর ২০, ২০২৩, ০৬:৫০ পিএম

জিনাত বরকতুল্লাহ মারা গেছেন

অভিনেত্রী বিজরী বরকতউল্লার মা একুশে পদকপ্রাপ্ত নৃত্যশিল্পী জিনাত বরকতুল্লাহ আর নেই (ইন্নালিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন)। বুধবার বিকাল পৌনে পাঁচটায় রাজধানীর ধানমন্ডির নিজ বাসায় তিনি মৃত্যুবরণ করেন।

বিষয়টি গণমাধ্যমকে নিশ্চিত করেছেন অভিনয় শিল্পী সংঘের সভাপতি আহসান হাবিব নাসিম। বিজরী বরকতউল্লার মায়ের মৃত্যুতে শোক প্রকাশ করে তার বিদেহী আত্মার শান্তি কামনা করেন তিনি।

জিনাত বরকতুল্লাহ দীর্ঘদিন ধরে বার্ধক্যজনিত নানা সমস্যায় ভুগছিলেন। চলতি বছরের শুরুর দিকে মস্তিষ্কে রক্তক্ষরণ ও ফুসফুসে সংক্রমণ নিয়ে হাসপাতালেও ভর্তি হয়েছিলেন তিনি।

স্বাধীনতার পর বাংলাদেশের সাংস্কৃতিক আন্দোলনের ধারায় নৃত্য চর্চার বিকাশে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করেন জিনাত বরকতুল্লাহ। নৃত্যে বিশেষ অবদানের জন্য তাকে ২০২২ সালে একুশে পদকে ভূষিত করে সরকার।

নৃত্যশিল্পীর পাশাপাশি অভিনয়ও করেছেন জিনাত বরকতুল্লাহ।  প্রায় ৮০টি টিভি নাটকে অভিনয় করেন এই গুণী শিল্পী।

ব্যক্তিগত জীবনে তিনি নাট্যকার মোহাম্মদ বরকতুল্লাহর সঙ্গে বিবাহবন্ধনে আবদ্ধ হন। ২০২০ সালের ৩ আগস্ট করোনায় মারা যান মোহাম্মদ বরকতুল্লাহ।

Link copied!