স্পর্শ করায় শুটিং ফেলে কলকাতায় চলে গেলেন নায়িকা

শোবিজ ডেস্ক

সেপ্টেম্বর ১৫, ২০২৩, ০৩:০২ পিএম

স্পর্শ করায় শুটিং ফেলে কলকাতায় চলে গেলেন নায়িকা

জায়েদ খান ও সায়ন্তিকা ব্যানার্জি

প্রথমবারের মতো বাংলাদেশে শুটিং করতে এসেই অনাকাঙ্ক্ষিত ঘটনার স্বীকার হয়েছেন বলে দাবি করেছেন কলকাতার নায়িকা সায়ন্তিকা ব্যানার্জি। এ কারণে তাঁর ও জায়েদ খান অভিনীত নতুন ছবি ‌‘ছায়াবাজ’র কাজ শেষ না করেই কলকাতায় চলে গেছেন এই অভিনেত্রী।

গত ৭ সেপ্টেম্বর তিনি কলকাতায় ফিরে যান।

এর আগে গত ৩০ আগস্ট ঢাকায় আসেন সায়ন্তিকা। তাজু কামরুলের পরিচালনায় ‘ছায়াবাজ’ সিনেমার শুটিং করতে সেদিন বিকেলেই নায়ক জায়েদ খানের সঙ্গে কক্সবাজার চলে যান। কথা ছিল ১২ সেপ্টেম্বর পর্যন্ত শুটিং করার। আর শুটিংয়ের কাজ শুরু হয় গান দিয়ে। ভালোভাবেই শেষ হয় প্রথম গানের শুটিং।

দ্বিতীয় গানের শুটিং চলাকালীন হঠাৎ করেই সায়ন্তিকা অভিযোগ করেন নৃত্য পরিচালক মাইকেলের বিরুদ্ধে। তাঁর দাবি, নৃত্য পরিচালক অনাকাঙ্ক্ষিতভাবে তাকে স্পর্শ করেছে। তাই পরিবর্তন করতে হবে নৃত্য পরিচালককে, অন্যথায় কাজ করবেন না তিনি। এ বিষয়ে জানতে নির্মাতা তাজু কামরুল কোনো মন্তব্য করতে চাননি।

এ বিষয়ে প্রযোজক মনিরুল ইসলাম বলেন, ‘দ্বিতীয় গানের শুটিংয়ের সময় সায়ন্তিকা অভিযোগ করেন নৃত্য পরিচালক মাইকেল নাকি তার হাত ধরেছেন। আর মাইকেলকে বাদ না দিলে তিনি কাজ করবেন না। খোঁজ নিয়ে জানলাম, মাইকেলের দোষ নেই। কাজের স্বার্থেই সায়ন্তিকার হাত ধরেছিলেন তিনি। তাই, সায়ন্তিকাকে জানানো হয়, মাইকেলের সঙ্গেই তাকে কাজ করতে হবে। আর এর পরের দিন সায়ন্তিকা সেট ছেড়ে চলে যান। আমিও আমার কথায় অনড় আছি। কাজ করতে হলে মাইকেলের সঙ্গেই করতে হবে।’

তবে সায়ন্তিকার চলে যাওয়ার বিষয়টি গুজব বলে গণমাধ্যমকে জানিয়েছেন নায়ক জায়েদ খান। একটি চক্র ইচ্ছা করেই এ ধরনের গুজব ছড়াচ্ছে বলে জানান তিনি। 

Link copied!