কোক স্টুডিও বাংলা নিয়ে এলো নতুন গান ‘আনন্দধারা’। গানটিতে কণ্ঠ দিয়েছেন রবীন্দ্রসংগীত শিল্পী অদিতি মহসিন ও বাপ্পা মজুমদার। দ্বৈত কণ্ঠের এই গানটির সংগীত করেছেন শায়ান চৌধুরী অর্ণব। ‘আনন্দধারা’ গানটিতে ব্যবহার করা হয়েছে শাস্ত্রীয় ও আধুনিক বাদ্যযন্ত্র। বিশ্বকবি রবীন্দ্রনাথ ঠাকুরের ৮২তম প্রয়াণ দিবসে শ্রদ্ধা জানতেই মূলত গানটি গাওয়া।
অদিতি মহসিন বলেন, ‘গানটি মনে করিয়ে দেয়, সুখ বা আনন্দ আমাদের সবার ভেতরেই আছে। জীবনকে উপভোগ করতে পারলে, জীবনের জাদুকরী দিকটি উপলব্ধি করতে পারলেই আমরা সুখ খুঁজে পাব। প্রকৃতিতে সবকিছু যেভাবে একে অন্যের সঙ্গে মিলেমিশে থাকে, প্রকৃতি যেভাবে নিজের ভালোবাসা প্রকাশ করে- এই অনন্য ব্যাপারটাই এ গানের কথায় উঠে এসেছে।’
বাপ্পা মজুমদার বলেন, ‘রবীন্দ্রসংগীত পরিবেশন করা আমার জন্য সবসময়ই আনন্দের ব্যাপার। রবীন্দ্রসংগীতের সঙ্গে কোক স্টুডিও বাংলার ম্যাজিক মিলে এবার ভিন্ন ধরনের একটি অভিজ্ঞতা হয়েছে, যা আমি খুবই উপভোগ করেছি। এই গানে আমরা কিছু বিষয়কে তুলে ধরেছি। আমি নিশ্চিত, দর্শক-শ্রোতারা গানটি শুনে প্রশান্তি অনুভব করবেন।’