সারা বিশ্বে আলোচনার ঝড় তুলেছে হলিউডের ব্লকবাস্টার সিনেমা ‘বার্বি’। সিনেমাটি এবার নিষিদ্ধ হল উত্তর আফ্রিকার দেশ আলজেরিয়ায়। মুক্তির তিন সপ্তাহ পর অবিলম্বে হল মালিকদের এটি সরিয়ে নেওয়ার নির্দেশ দিয়েছে দেশটির সংস্কৃতি মন্ত্রণালয়।

সে দেশের সংশ্লিষ্ট এক কর্মকর্তা বলেন, ‘এই চলচ্চিত্রে সমকামিতার পক্ষে প্রচার চালানো হয়েছে, যা আলজেরিয়ার ধর্মীয় ও সাংস্কৃতিক মূল্যবোধের সঙ্গে সামঞ্জস্যপূর্ণ নয়।’

আলজেরিয়ার আলজিয়ের্স, ওরান ও কন্সট্যানটাইনের সিনেমা হলগুলোতে ‘বার্বি’ দেখতে ভিড় জমিয়েছিল দর্শক। ‘নৈতিক অবক্ষয়’-এর কারণ দেখিয়ে ছবিটিকে নিষিদ্ধ করেছে আলজেরিয়া। কিন্তু বার্বি মুক্তির পর থেকেই সব টিকিট বিক্রি হয়ে গেছে হলগুলোর।

এই ছবিতে প্রচারিত সামাজিক মূল্যবোধের সমালোচনা করা হয়েছে আরব বিশ্ব থেকেও। গত সপ্তাহে কুয়েত সরকার ‘বার্বি’ সিনেমা নিষিদ্ধ করে।

উল্লেখ্য, ‘বার্বি’ চলচ্চিত্রে অভিনয় করেছেন রায়ান গসলিং ও মার্গো রবি। সিনেমাটি পরিচালনা করেছেন গ্রেটা গারউইগ। যুক্তরাজ্য এবং স্পেনসহ অনেক দেশের নেতারা প্রশংসা করেছেন এই সিনেমার। মুক্তির পর থেকে ছবিটি পুরো বিশ্বে বক্স অফিসে ১ বিলিয়ন ডলারেরও বেশি আয় করেছে।
সূত্র : রয়টার্স