সংগৃহীত ছবি
গত বছর উপনির্বাচনের চিত্রনাট্য যেন আবার লেখা হলো। একই আসনে দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনে চাঁপাইনবাবগঞ্জ-২ আসন থেকে আওয়ামী লীগের মনোনয়নপত্র নিয়েছিলেন চিত্রনায়িকা মাহিয়া মাহি। এবারও ব্যর্থ মনোরথে ফিরতে হলো তাঁকে। আওয়ামী লীগের মনোনয়ন তালিকায় নেই মাহিয়া মাহির নাম। এই আসন থেকে মনোনীত হয়েছেন জেলা আওয়ামী লীগের ভারপ্রাপ্ত সভাপতি ও সাবেক সংসদ সদস্য জিয়াউর রহমান।
রবিবার বিকেলে রাজধানীর বঙ্গবন্ধু অ্যাভিনিউয়ে অবস্থিত দলের কেন্দ্রীয় কার্যালয়ে আয়েজিত সংবাদ সম্মেলনে আনুষ্ঠানিকভাবে ২৯৮ আসনে চূড়ান্ত প্রার্থীদের নাম ঘোষণা করেন দলটির সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের।
এর আগে গত ১৮ নভেম্বর চাঁপাইনবাবগঞ্জ-২ আসনের জন্য আওয়ামী লীগের মনোনয়ন ফরম সংগ্রহ করেছিলেন চিত্রনায়িকা মাহিয়া মাহি। এরপর ২০ নভেম্বর বিকেলে দলটির কেন্দ্রীয় কার্যালয়ে হাজির হয়ে মনোনয়ন ফরম জমা দেন তিনি।
প্রসঙ্গত, ২০২২ সালে চাঁপাইনবাবগঞ্জ-২ আসনে উপনির্বাচনে আওয়ামী লীগের প্রার্থী হতে মনোনয়নপত্র কিনেছিলেন মাহি। সেবারও দলীয় মনোনয়ন পেয়েছিলেন জেলা আওয়ামী লীগের ভারপ্রাপ্ত সভাপতি ও সাবেক সংসদ সদস্য জিয়াউর রহমান।