সেলিব্রিটি ক্রিকেট লীগ নিয়ে চলছে নাটকীয়তা, ফের কেন স্থগিত!

শোবিজ ডেস্ক

অক্টোবর ১৮, ২০২৩, ১২:২০ পিএম

সেলিব্রিটি ক্রিকেট লীগ নিয়ে চলছে নাটকীয়তা, ফের কেন স্থগিত!

বিশ্বকাপে বাংলাদেশ ক্রিকেট দলকে উৎসাহ দেওয়ার লক্ষ্যে প্রথমবারের মতো আয়োজন করা হয় সেলিব্রিটি ক্রিকেট লীগ ২০২৩। কিন্তু এই উৎসাহ দিতে গিয়ে তারকারা নিজেরাই নিরুৎসাহিত হয়ে পরছেন ক্রিকেট খেলা নিয়ে। 

কিছুদিন আগে মারামারি-হাতাহাতির কারণে প্রথম দফায় স্থগিত হয়ে গিয়েছিল এই লীগ। যা গতকাল পূণরায় শুরু হয়। কথা ছিল একদিনের মধ্যে ফাইনালসহ সব খেলা শেষ করবে। কিন্তু শেষ আর হলো না। 

সেমিফাইনাল জিতে ফাইনালে উঠেছে নির্মাতা দীপঙ্কর দীপন ও সালাউদ্দিন লাভলুর দল। কিন্তু ফাইনালের আগেই আবারও স্থগিত হয়ে গেল শোবিজ তারকাদের নিয়ে আয়োজিত সেলিব্রেটি ক্রিকেট লীগ। 

তবে এবার আর মারামারি নয়, নিয়মবহির্ভুত দুই খেলোয়ারের অন্তর্ভুক্তির জেরে স্থগিত হলো সেলিব্রিটি ক্রিকেট লীগের ফাইনাল ম্যাচ।

এই লীগের নিয়মানুসারে করপোরেট লীগ খেলেছেন এমন কেউ খেলতে পারেবে না এই লীগে। সালাহউদ্দিন লাভলুর দলের হয়ে রাব্বী এবং দীপঙ্কর দীপনের দলের হয়ে অন্তু নামের দুই অভিনেতা মাঠে নামেন। যারা এর আগে করপোরেট লীগ খেলেছিলেন। আর এই কারণে আবারো স্থগিতের সিদ্ধান্ত‌।

লীগ আয়োজক কমিটির সদস্য মাসুদুর রহমান বলেন, আগে থেকেই বলা ছিল- যারা কর্পোরেট লীগে খেলেছে তারা এই লীগে খেলতে পারবে না। 

এখানে কেউ ২০১৪ সালে, আবার কেউ ১০১৬ সালে কর্পোরেট লীগ খেলেছে। আমরা সেটা জানতাম না। ঝামেলা দেখা দেয় সেমিফাইনালের আগে। কে, কত সালে কোথায় খেলেছে সেসব নথি হাজির করেছে দলগুলো। 

দুই দলের অভিযোগের কারণে খেলা বন্ধ রয়েছে। আমরা আয়োজক হিসেবে চেষ্টা করেছি শেষ পর্যন্ত খেলানোর। কিন্তু আপাতত সেটা হচ্ছে না। 

সাথে আয়োজকরা জানান, আমাদের কিছু ব্যর্থতা আছে। আমরা সেটা মেনে নিচ্ছি। পরে কোনো একসময় ফাইনাল খেলা অনুষ্ঠিত হবে। আপনারা একটু ধৈর্য ধরে পাশে থাকবেন আশা করি।

Link copied!