দেশের জনপ্রিয় ওটিটি প্ল্যাটফরম ‘চরকি’ এবার ভিন্ন এক চমক নিয়ে হাজির হয়েছে। গুনী নির্মাতা মোস্তফা সরয়ার ফারুকীর উদ্যোগে ‘মিনিস্ট্রি অব লাভ’- নিয়ে হাজির হচ্ছেন তারা। এতে ১২ জন নির্মাতাদের সিনেমার মধ্যদিয়ে ভালোবাসার গল্প ছড়িয়ে দেবেন দর্শকদের মাঝে।
ফারুকীর প্ররোচনায় তারা ১২টি সিনেমা নির্মাণ করবেন। গত বৃহস্পতিবার রাজধানীর একটি হোটেলে ‘শপথ’ নিয়েছেন এই নির্মাতারা। যারা এই মন্ত্রণালয়ের একেকজন মন্ত্রী হিসেবে সিনেমা নির্মাণের মধদিয়ে তাদের দায়িত্ব পালন করবেন। তাদের সিনেমাগুলো আসবে ‘চরকি’তে।

অনুষ্ঠানে শপথ করান অভিনেতা-নির্মাতা-চিত্রশিল্পী আফজাল হোসেন। শপথগ্রহণে সকলে সমস্বরে বলেন, জগতের সকল মানুষ ভালোবাসুক। অনুষ্ঠানে আফজাল হোসেনকে পরিচয় করিয়ে দেয়া হয় ‘প্রেসিডেন্ট অব লাভ’- হিসেবে। এতে দু’টি সিনেমা নিয়ে আসবেন ফারুকী। ‘সামথিং লাইক এন আটোবায়োগ্রাফি’ এবং ‘লাস্ট ডিফেন্ডারস অফ মনোগামী’- নির্মাণ করবেন তিনি।

এদিকে রায়হান রাফী পরিচালনা করবেন ‘মুহাব্বাত’। এ ছাড়াও আশফাক নিপুণ ‘ উই নিড টু টক’, শিহাব শাহিন ‘কাছের মানুষ দূরে থুইয়া’, রবিউল আলম রবি ‘ফরগেট মি নট’, রেদওয়ান রনি ‘উঁকি’, আবু শাহেদ ইমন ‘অবনী’, রাকা নোশিন নাওয়ার ও শঙ্খ দাশগুপ্ত যৌথ পরিচালনায় ‘ফিফটি ফিফটি’, আরিফুর রহমান ‘জুঁই’, অনম বিশ্বাস ‘শোল্ডার মা’ এবং রেজাউর রাহমান ‘থার্টি সিক্স-টুয়েন্টি ফোর-থার্টি সিক্স’- বানাবেন।
এদিকে ওটিটি মানেই থ্রিলার আর মারামারি। এমন ধারণা ভেঙে প্রেমের গল্প বলতেই এবার একত্রিত হয়েছেন তারা। তবে মোস্তফা সরয়ার ফারুকীর প্রত্যাশা ছিল আরও বেশি। এ প্রসঙ্গে নির্মাতা বলেন, এই আয়োজনে ১২ জন সিনেমা বানাচ্ছেন। যদিও ২৪টি সিনেমা হলে খুশি হতাম। আরও ১২ জন যারা সিনেমা বানাচ্ছেন না, তাদেরও মিস করছি। সামনে বাকিদেরও যুক্ত করার প্রত্যাশা ব্যক্ত করেন এই নির্মাতা।