বাংলাদেশ জাতীয়তাবাদী আন্দোলন (বিএনএম) নামে একটি রাজনৈতিক সংগঠনের ব্যানারে সংসদ সদস্য পদে পাবনা-২ (সুজানগর-আমিনপুর) আসন থেকে নির্বাচন করছেন কণ্ঠশিল্পী ডলি সায়ন্তনী।

নির্বাচনী প্রচারনায় তিনি ভক্ত-অনুরাগী ও ভোটারদের অনুরোধে গাইছেন খালি গলায় গান। যাচ্ছেন ভোটারদের বাড়ি বাড়ি। পাড়া মহল্লা, অফিস ও হাটবাজারগুলোও বাদ যাচ্ছে না এই শিল্পীর পদচারণা থেকে। চাইছেন ভোট, দিচ্ছেন পরিবর্তনের নানা প্রতিশ্রুতি।

নির্বাচনী এলাকার ১৫ ইউনিয়নের মধ্যে বেশির ভাগ ইউনিয়নের পাড়া-মহল্লায় ভোটারদের সঙ্গে গণসংযোগ ও মতবিনিময় করতে দেখা গেছে ডলি সায়ন্তনীকে।

গত কয়েকদিন ধরে এই শিল্পী তার সমর্থকদের সঙ্গে নিয়ে আমিনপুর, বেলতলা, রানীনগর, বাঘলপুর, ভাটিকয়া, রুপপুর, বাধেরহাট, দুলাই, চরদুলাই, চিনাখড়া, চর চিনাখড়া, তাতিবন্দ, মানিকহাট, ঢালারচর, সুজানগরসহ বিভিন্ন এলাকায় প্রচার-প্রচারণা চালাচ্ছেন। এর আগে রোববার তিনি সারাদিন আমিনপুর, কাজিরহাট, বাধেরহাটসহ কয়েকটি এলাকায় গণসংযোগ করেন।

আমিনপুর থানার বাধেরহাটের মৎস্য ব্যবসায়ী আব্দুল হান্নান বলেন, ‘ছোট থেকে আমি ডলির গানের ভক্ত। টিকিট কেটে স্বশরীরে দেখতে পারিনি। আজ সে নিজেই আমাদের কাছে আসছে। সরাসরি গান শোনাচ্ছে। খুব ভালো লাগছে।’