কোক স্টুডিও বাংলার দ্বিতীয় সিজন শেষ হলো। গতকাল প্রকাশ হওয়া এই সিজনের সর্বশেষ গানে কণ্ঠ দিয়েছেন হামিদা বানু ও শায়ান চৌধুরী অর্ণব। হাছন রাজার লেখা ‘ধরো দিলারাম’ এবং অর্ণবের ‘আমায় ধরে রাখো’ গান দুটির ফিউশনে তৈরি হয়েছে ‘দিলারাম’ শিরোনামে গানটি।
এর সংগীতায়োজন করেছেন অর্ণব। তিনি বলেন, ‘গানটিতে মরমি কবি হাছন রাজার একটি গানের মাধ্যমে আমাদের স্বাধীন চেতনার কথা প্রকাশ করা হয়েছে।

অনন্য ধরনের গানের জন্য বাংলা লোকসংস্কৃতিতে হাছন রাজা একটি বিশেষ স্থান অর্জন করেছেন। এ গানটিতে এমন সব মানুষের কথা বলা হয়েছে, যারা জীবনে চলার পথে বড় কোনো বাধার মুখোমুখি হয়েছেন; যাদের মনে হয়েছে, এই অবস্থা থেকে তারা বেরিয়ে আসতে পারবেন না।
দিলারাম হচ্ছেন সেই ব্যক্তি, আমাদের চরম দুর্দশার সময়ে যিনি আমাদের সাহায্য করেছেন, বাধা অতিক্রম করে স্বাভাবিক জীবনে ফিরে আসতে অনুপ্রাণিত করেছেন।’