‘মুখ ও মুখোশ’-এর কণ্ঠশিল্পী মাহবুবা রহমান আর নেই

দ্য রিপোর্ট ডেস্ক

মার্চ ২৭, ২০২৬, ০২:১৩ পিএম

‘মুখ ও মুখোশ’-এর কণ্ঠশিল্পী মাহবুবা রহমান আর নেই

ছবি : সংগৃহীত

বাংলা চলচ্চিত্র ও সংগীতাঙ্গনের প্রথিতযশা কণ্ঠশিল্পী মাহবুবা রহমান আর নেই। বৃহস্পতিবার সন্ধ্যায় রাজধানীর একটি বেসরকারি হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় তিনি শেষ নিঃশ্বাস ত্যাগ করেন। 


দেশের প্রথম সবাক চলচ্চিত্র মুখ ও মুখোশ-এ কণ্ঠ দেওয়া এই শিল্পী বাংলা সংগীতের এক উজ্জ্বল অধ্যায়ের অংশ ছিলেন। পঞ্চাশ থেকে সত্তরের দশকে পল্লিগীতি ও আধুনিক গানে তার স্বতন্ত্র অবস্থান ছিল। ১৯৪৭ সালে অল ইন্ডিয়া রেডিওর ঢাকা কেন্দ্র থেকে প্রথমবারের মতো তার গান প্রচারিত হয়।


চলচ্চিত্র সংগীতেও ছিল তার উল্লেখযোগ্য অবদান। মুখ ও মুখোশ ছবিতে সমর দাসের সুরে গাওয়া ‘মনের বনে দোলা লাগে’ গানটি তাকে বিশেষভাবে পরিচিতি এনে দেয়। পরবর্তীতে খান আতাউর রহমান-এর সুরে এবং জহির রায়হান-এর চলচ্চিত্রে গাওয়া একাধিক গানও শ্রোতাদের কাছে জনপ্রিয়তা পায়।


তার গাওয়া উল্লেখযোগ্য গানের মধ্যে রয়েছে ‘নিরালা রাতের প্রথম প্রহরে’, ‘তোমাকে ভালোবেসে অবশেষে কী পেলাম’সহ আরও বহু গান। বাংলা চলচ্চিত্রের স্বর্ণালী সময়ের বিভিন্ন ছবিতে তার কণ্ঠ শোনা গেছে।


ব্যক্তিগত জীবনে প্রথমে আবুল হাসনাতের সঙ্গে বিবাহবন্ধনে আবদ্ধ হলেও তা স্থায়ী হয়নি। পরে তিনি চলচ্চিত্র ব্যক্তিত্ব খান আতাউর রহমানের সঙ্গে সংসার জীবন শুরু করেন।
 

সংগীতে অসামান্য অবদানের জন্য মাহবুবা রহমান একুশে পদকেও ভূষিত হন। তার মৃত্যুতে দেশের সাংস্কৃতিক অঙ্গনে শোকের ছায়া নেমে এসেছে।

Link copied!